জাতিসংঘে গৃহীত প্রতিবেদনে আদিবাসীদের স্বীকৃতি, বাংলাদেশের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের একটি সংস্থা আদিবাসীদের স্বীকৃতি দিলেও বাংলাদেশ তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী না বলার সিদ্ধান্তে অনড় রয়েছে। বাংলাদেশ সরকার আপত্তি জানিয়ে বলেছে, কোনো দেশ তার বিশেষ কোনো অঞ্চলের অধিবাসীদের কী হিসেবে অভিহিত করবে, সেটা জাতিসংঘসহ আন্তর্জাতিক কোনো সংস্থার এখতিয়ার নয়।গত ২৯ জুলাই জেনেভায় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) আদিবাসীবিষয়ক জাতিসংঘ স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) প্রতিবেদন বাংলাদেশের আপত্তির পরও অনুমোদন হয়েছে। বাংলাদেশের দাবি, ওই ফোরাম এখতিয়ারের বাইরে গিয়ে প্রতিবেদনটি যেভাবে তৈরি করেছে, তাতে এর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতিসংঘ স্থায়ী ফোরামের ওই প্রতিবেদনের দুটি অনুচ্ছেদ নিয়ে ইকোসকে বাংলাদেশ যে উদ্বেগ জানিয়েছে, তার প্রতিফলন ঘটেছে সদস্য দেশগুলোর মন্তব্যে। বিশেষ করে, পার্বত্য চুক্তির উল্লেখ করে আদিবাসী শব্দটির ব্যবহার ও প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ফোরামের অসংগতি নিয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। বাংলাদেশের উদ্বেগ ৫৪টি দেশের ওই ফোরামে সর্বসম্মতভাবে গৃহীত হয়ে তা ২০১১ সালের প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে। আর ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, সৌদি আরব ও মরক্কো তাদের বিবৃতিতে বাংলাদেশকে সমর্থন করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে সাতটি দেশ বাংলাদেশের সমর্থনে বিবৃতি দিয়েছে দাবি করলেও ইকোসকের ওয়েবসাইটে সভার বিবরণীতে দেখা গেছে, চীন, রাশিয়া, সৌদি আরব ও মরক্কো বাংলাদেশের পক্ষে বক্তব্য দিয়েছে।তিন পার্বত্য জেলার অধিবাসীদের আদিবাসী হিসেবে অভিহিত না করার ব্যাপারে সরকার সম্প্রতি কঠোর মনোভাব প্রকাশ করেছে। গত ২৬ জুলাই পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাফ জানিয়ে দেন, দেশের ওই তিন জেলার লোকজন আদিবাসী নয়, ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী।সরকারের দাবি: জেনেভায় জাতিসংঘের স্থায়ী ফোরামের প্রতিবেদন অনুমোদন সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ইকোসকের বিশেষ ওই অধিবেশনে প্রতিবেদনটি অনুমোদন হয়নি। ওই প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেদনটি নিয়ে সরকারের আপত্তির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘তিনটি কারণে সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এক, এখতিয়ারের বাইরে গিয়ে ফোরাম কাজ করেছে। কারণ সরকার যখন রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় এনে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করছে, তখন আদিবাসী বলে নতুন বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। দুই, প্রতিবেদনটির নিরপেক্ষতা ও স্বচ্ছতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। তিন, ওই প্রতিবেদন তৈরির সময় সরকারের সঙ্গে যোগাযোগ করে মন্তব্য নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রতিবেদনে তা অন্তর্ভুক্ত করা হয়নি।’ইকোসকের সভায় ফোরামের প্রতিবেদন অনুমোদন হওয়ায় পার্বত্য জেলার লোকজন আদিবাসী হিসেবে অভিহিত হবেন কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘের কোনো সদস্য দেশ তার বিশেষ কোনো অঞ্চলের লোকজনকে কীভাবে অভিহিত করবে, সেটা নির্ধারণের দায়িত্ব ওই দেশেরই। দেশের সংবিধান, আন্তর্জাতিক আইন—এসব মেনেই কোনো দেশ সেটা ঠিক করবে। এ ক্ষেত্রে জাতিসংঘের কোনো এখতিয়ার নেই। ইকোসকের বৈঠক: জাতিসংঘের ওই সংস্থার ওয়েবসাইটে দেওয়া বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ২৯ জুলাই ইউএনপিএফআইআইয়ের দশম অধিবেশনের প্রতিবেদন ও একাদশ অধিবেশনের সম্পূরক আলোচ্যসূচি গ্রহণের বিষয়ে ইকোসক সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি বিশেষ কোনো পরিস্থিতি মোকাবিলার সময় জাতিসংঘের ওই ফোরাম এখতিয়ার অনুযায়ী যাতে সদস্য দেশ, আদিবাসী জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্বেগের বিষয়ে লক্ষ রাখে, সেটির গুরুত্বও পরিষদ উল্লেখ করেছে। এ প্রেক্ষাপটে পরিষদ উল্লেখ করেছে, ইউএনপিএফআইআই এমনভাবে সমীক্ষা চালাবে, যাতে করে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। ওই অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ নিয়ে প্রতিবেদন এমনভাবে তৈরি করা হয়েছে, যার স্বচ্ছতা, নৈতিকতা, নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরাম তার কাজের পরিধি ছাড়িয়ে গিয়ে প্রতিবেদন তৈরি করে। বাংলাদেশের নতুন বসতি স্থাপনকারী ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীগুলোকে ‘আদিবাসী’ আখ্যায়িত করে আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরাম একটি দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে, যার এখতিয়ার ফোরামের নেই।গত ২৭ মে নিউইয়র্কে সর্বসম্মতিক্রমে গৃহীত ওই প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সেনাসদস্য ও সেনা ইউনিটকে শান্তিরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বারণ করা হয়েছে। এ ছাড়া ১৯৯৭ সালে সই হওয়া পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।