জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পেল ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। গত বৃহস্পতিবার সাধারণ পরিষদে এ-বিষয়ক প্রস্তাবটি বিপুল ভোটে অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে সার্বভৌম রাষ্ট্রের পথে ফিলিস্তিন আরেক ধাপ এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ এবং রাশিয়া, চীন, ভারতসহ মোট ১৩৮টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ মাত্র নয়টি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য, জার্মানিসহ ৪১টি দেশ।ফিলিস্তিন এত দিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ‘পর্যবেক্ষক ভূখণ্ড’ হিসেবে যোগ দিত। এখন তারা ‘সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্র’ হিসেবে মর্যাদা পাবে। এখন থেকে ফিলিস্তিনের প্রতিনিধি জাতিসংঘ অধিবেশনের বিতর্কে অংশ নিতে পারবেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই রায়কে সার্বভৌম ফিলিস্তিনের ‘জন্মসনদ’ বলে অভিহিত করেছেন। সাধারণ পরিষদে ফিলিস্তিনের এই মর্যাদার উন্নীতকরণে যুক্তরাষ্ট্র ‘হতাশা’ এবং ইসরায়েল ‘ক্ষোভ’ প্রকাশ করেছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘এই ভোট দুর্ভাগ্যজনক। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য শান্তি-প্রক্রিয়া বাস্তবায়নের পথে অনেক বড় বাধার সৃষ্টি হলো।’প্রস্তাবের বিরোধিতাকারীদের যুক্তি, এভাবে জাতিসংঘে ভোটে না হয়ে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ গতকাল বলেছেন, ‘এটা নেতিবাচক রাজনৈতিক নাটক, যা আমাদের সবাইকে সমঝোতা-প্রক্রিয়ার বাইরে ঠেলে দেবে।’ বিবিসি ও এএফপি।