জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করলেন দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ আগস্টের ঘটনা সম্পর্কে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘এটা প্রধানমন্ত্রীর একটি পাবলিসিটি কৌশল। সেখানে জোট সরকারের বিরুদ্ধে কথা বলেছেন উদ্দেশ্য হাসিলের জন্য। এভাবে সাক্ষ্যপ্রমাণ ছাড়া বক্তৃতা দিয়ে কাজ হবে না।’ তিনি বলেন, সরকার বিরোধী দলকে নির্মূল করতেই তারেক রহমানসহ জিয়া পরিবারকে গ্রেনেড হামলায় জড়ানোর চেষ্টা করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে তদন্ত সংস্থা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে তদন্ত সংস্থা ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। খোন্দকার দেলোয়ার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকার গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল। সরকার সেখানে তদন্ত সংস্থা নিয়োগ দিয়েছে। তাতে নিয়োগ পেয়েছেন দলীয় আইনজীবীরা। তাই সরকার যা চাইবে, এই সংস্থাও তাই করবে। তিনি বলেন, ‘এ ধরনের বিশেষ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর সুষ্ঠু বিচার করা কঠিন হবে। সেখানে ন্যায়বিচার পাওয়া যাবে কি না, তা নিয়ে আমাদের আশঙ্কা আছে।’বিএনপি মহাসচিব পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর সরকারি দলের নেতা-কর্মীদের হামলার নিন্দা জানান। তিনি বলেন, পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের পর সরকারি দল আবার মিছিল নিয়ে আদালত হাজির হয়েছে। তাদের লজ্জাও করে না। এ সংবাদ প্রকাশ হয়েছে বলে সরকারি দল গণমাধ্যমের মালিকদের হুমকি দিচ্ছে।" সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।