জাতিসংঘে প্রশ্নবিদ্ধ পশ্চিমা মতপ্রকাশের স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিমা দেশগুলোর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মুসলিম দেশগুলোর নেতারা। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার সময় এ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।মুসলিম দেশগুলোর নেতাদের মতে, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে ভিন্ন (ইসলামি) সংস্কৃতির প্রতি তারা শ্রদ্ধা প্রদর্শন করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ বিভিন্ন দেশে প্রচারিত হওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। আর পশ্চিমাদের এ মনোভাবে প্রাচ্য-পাশ্চাত্যের সাংস্কৃতিক ব্যবধান আরও প্রসারিত হওয়ার শঙ্কা দিয়েছে বলে মনে করছেন মুসলিম নেতারা।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করে একটি চলচ্চিত্র নির্মাণের পর থেকে বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশে বিক্ষোভের ঝড় ওঠে। এ বিক্ষোভের সময় ওই সব দেশে থাকা মার্কিন ও অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাস তছনছ করে ক্ষুব্ধ জনতা। এ ছাড়া আফগানিস্তানে চলতি মাসে আত্মঘাতী হামলার ঘটনাও ঘটে একই ঘটনার জেরে। ফ্রান্সের একটি সাময়িকী মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ছাপে।উল্লিখিত বিষয় নিয়ে গত শুক্রবার জাতিসংঘে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলামের প্রতি বিদ্বেষ ঠেকানোর সময় এসেছে। তিনি বলেন, স্বাধীনতার মানে নৈরাজ্য নয়।মিসরের নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিও গত বুধবার তাঁর ভাষণে দাভুতোগলুর সুরেই কথা বলেছেন। তিনি বলেন, মিসর মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখায়। এ স্বাধীনতার অর্থ অন্য কারও প্রতি অশ্রদ্ধা প্রদর্শন নয়। তিনি আরও বলেন, ‘অন্যরা আমাদের প্রতি যে ধরনের আচরণ আশা করে, আমরাও তাদের কাছে একই রকম আচরণ আশা করি। আমরা চাই তারা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হোক।’সাধারণ পরিষদের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামবিরোধী চলচ্চিত্রটির সমালোচনা করলেও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন। ওবামা তাঁর ৩০ মিনিটের বক্তব্যে বলেন, ঘৃণ্য কোনো বক্তব্যের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ এসব বিষয়ে নীরব থাকা।মার্কিন প্রেসিডেন্টের উল্লিখিত বক্তব্যের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভাষণ দেন একই অধিবেশনে। তিনি ধর্মবিরোধী কার্যকলাপকে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিপন্নকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরব দর্শকের ভূমিকায় দেখতে চায় না কেউ।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ৫৭ জাতির ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে বসেন। বৈঠকে ইসলামবিরোধী চলচ্চিত্রের ব্যাপারে আলোচনাই প্রাধান্য পেয়েছে। বৈঠকে ওআইসির সেক্রেটারি জেনারেল একমেলেদ্দিন এহসানুগলো বলেন, চলচ্চিত্র নির্মাণের ঘটনা একদিকে মতপ্রকাশের স্বাধীনতার মূলনীতিকে লঙ্ঘন করেছে। অন্যদিকে প্রতিবাদের স্বাধীনতারও অপব্যবহার করা হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে। রয়টার্স অবলম্বনে।