জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদে সমর্থন দেবে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাধিকারহীন সদস্য দেশের মর্যাদা পেতে ফিলিস্তিনকে সমর্থন দেবে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যারিয়াস বলেন, ফ্রান্স দীর্ঘদিন থেকেই জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে আসছে। আসন্ন বৈঠকেও ফিলিস্তিনের পক্ষেই ভোট দেওয়া হবে। ফ্রান্সই কোনো ইউরোপীয় দেশ যেটি ফিলিস্তিনকে ভোটাধিকারহীন সদস্য দেশের মর্যাদা দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে ফ্রান্সের সমর্থন পেলে ফিলিস্তিনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হতে পারে। আর এটি সম্ভব হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো জাতিসংঘের বিভিন্ন সংস্থায় যোগ দিতে পারবে ফিলিস্তিন। যদিও বিভিন্ন সংস্থার সদস্য হওয়ার ব্যাপারটি সুনিশ্চিত নয়। বিবিসির খবরে বলা হয়, গত বছর ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার আবেদন করেন। সে সময় যুক্তরাষ্ট্র সমর্থন না দেওয়ায় অধরাই থাকে ফিলিস্তিনিদের স্বপ্ন। এদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, ফিলিস্তিনকে জাতিসংঘের ভোটাধিকারহীন সদস্য দেশের মর্যাদা দেওয়া হলে ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তি লঙ্ঘিত হবে। ওই চুক্তির বলেই ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর বেন ডর চলতি মাসের শুরুতে বলেছিলেন, ফিলিস্তিন ভোটাধিকারহীন দেশ হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গিয়ে তারা ইসরায়েলের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চাইতে পারে। এ নিয়ে শঙ্কিত ইসরায়েল। তিনি আরও বলেন, ফিলিস্তিন যদি তাদের স্বপক্ষে ভোট পায়, তবে ইসরায়েল নিজস্ব স্বার্থ রক্ষায় একতরফা পদক্ষেপ নেবে। তবে সেই পদক্ষেপগুলো সম্বন্ধে বিস্তারিত কিছু বলেননি তিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চান না। তিনি বলেন, জাতিসংঘে ভোটাভুটির পরদিনই সংলাপ বা সমঝোতায় যাওয়ার ইচ্ছা আছে তাঁর।জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষক থেকে ভোটাধিকারহীন সদস্য দেশ হতে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিন। আগামী বৃহস্পতি বা শুক্রবারে এ নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি নির্ধারণ করবে তাদের ভাগ্য।