জাতিসংঘে বাংলা বাস্তবায়নে সময় লাগবে: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব বাস্তবায়নের প্র্রক্রিয়া শুরু হয়েছে। বাস্তবায়নে সময় লাগবে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানিয়েছেন। বলেন, ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা হলে যেকোনো ব্যক্তি জাতিসংঘের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন অধিবেশনে বাংলায় কথা বলতে পারবেন। ওই কথা তখন অন্য ছয়টি ভাষায় একই সঙ্গে ভাষান্তর হবে। জাতিসংঘের প্রস্তাব আইন যেগুলো পাশ হবে, সবই বাংলায় ভাষান্তর হবে। কিছু বাঙালি লোকের চাকরি বাড়বে, অনুবাদকদের চাকরি বাড়বে। এ সুযোগগুলো তৈরি হবে।’আবদুল মোমেন আরও বলেন, ‘আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হওয়ার জন্য প্রায় ১৯ বছর সময় লেগেছে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে একটি ভাষা স্বীকৃতি পেলে তা অনেক বড় অঙ্কের খরচের বিষয়। কারণ জাতিসংঘে যে কাজকর্ম হবে, সেগুলোর সবই ওই ভাষায় অনূদিত হতে হবে এবং তার একটা বিরাট খরচ আছে। ওই খরচের খানিকটা সেই দেশকে বহন করতে হয়।’জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জানান, জাতিসংঘ কোনো কোনো ক্ষেত্রে জার্মান ভাষাকে তাদের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করেছে। তবে পুরোপুরি গ্রহণ করেনি। তাই জার্মানি, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া এ-সংক্রান্ত খরচ বহন করে। কিন্তু জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এর খরচ বহন করলে হার অনুযায়ী খুব কমই খরচ পড়বে। বাংলা ভাষার ক্ষেত্রে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র এই খরচ বহন করতে প্রস্তুত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, ‘সেটা নির্ভর করে অন্যরা কীভাবে এটাকে দেখে তার ওপর। এর প্রয়োগ বাড়লে বিভিন্ন দেশেও প্রয়োগ বাড়বে। এতে আমাদের অর্থনীতি আরও যদি সবল ও শক্তিশালী হবে।’আবদুল মোমেন জানান, এক সময় জাপান, জার্মানি ও ভারত তাদের ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা করেছে। কিন্তু একাধিক কারণে কোনো উদ্যোগই সফল হয়নি। তিনি বলেন, ‘ভাষার প্রয়োগ কেমন হবে এবং কতগুলো রাষ্ট্র সমর্থন দেওয়ার জন্য আগ্রহ দেখাবে, এমন একাধিক শর্তের ওপর নির্ভর করছে দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হবে কি না।’আবদুল মোমেন বলেন, ‘আমরা সেই প্রক্রিয়াটা চালিয়ে যেতে চাচ্ছি। কিন্তু জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে কবে প্রতিষ্ঠিত হবে আমাদের কোনো দিনকাল ঠিক নেই। তবে প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো একদিন হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করার জন্য তার সরকার প্রস্তাব উত্থাপন করেছে এবং বাস্তবায়নের জন্য কূটনীতিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা ও আরবি বর্তমানে জাতিসংঘের দাপ্তরিক ভাষা।