টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৩ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাঁর দলের দুজন প্রতিনিধিকে আলোচনার জন্য নিউইয়র্ক পাঠাতে অনুরোধ করেছেন। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্রটি জানিয়েছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিবেচনায় বিএনপি এ বিষয়ে আপাতত গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সাধারণ বিতর্ক। দায়িত্বশীল সূত্র বলেছে, ১৭ সেপ্টেম্বরের পরপরই বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা নিউইয়র্কের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান জাতিসংঘের কাছে ব্যাখ্যা করা হবে। জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ বিষয়ে সত্যতা নাকচ না করে প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আমি কিছু জানাতে পারছি না। কারণ আমি জানি না।’বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের কাছে কিছু আশা করিনি। তবে নির্বাচন কমিশন চাইলে জাতিসংঘের কাছে কোনো সহায়তা চাইতে পারে।’আগামী মাসের মাঝামাঝি জাতিসংঘের অতিরিক্ত মহাসচিব (রাজনৈতিক) জর্জ ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাইলে শমসের মবিন বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।