জাতিসংঘে মহীসোপানের দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ
গভীর সমুদ্রে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জাতিসংঘে মহীসোপানের দাবিসংক্রান্ত অবস্থানপত্র জমা দিয়েছে বাংলাদেশ। অবস্থানপত্রে উপকূলীয় রেখার পর ৪০০ থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে মহীসোপান দাবি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নিউইয়র্ক সফররত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল শনিবার জাতিসংঘের মহাসাগর-বিষয়ক ও সমুদ্র আইন বিভাগে বাংলাদেশের দাবি উপস্থাপন করেন। এর ফলে বাংলাদেশ দাবি প্রতিষ্ঠার সপক্ষে যুক্তি উপস্থাপনের চূড়ান্ত সময়সীমার চার মাস আগেই এ অবস্থানপত্র জমা দিল। জাতিসংঘের মহীসোপান সীমা নির্ধারক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের অবস্থান জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা চলতি বছরের ২৬ জুলাই।বঙ্গোপসাগরে সম্প্রসারিত মহীসোপানে বাংলাদেশের দাবিসংক্রান্ত অবস্থানপত্র তৈরি করতে সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক উপাত্ত ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করায় গত বছরের মার্চে নেদারল্যান্ড সরকারের সহায়তায় ভূতাত্ত্বিক জরিপ শেষ করে। এরপর ওই জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিজেদের অবস্থান চূড়ান্ত করে বাংলাদেশ। সূত্র জানায়, মহীসোপানের দাবি নিয়ে বাংলাদেশ অবস্থানপত্র তৈরির সময় জার্মানি, নরওয়ে ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা করেছে। এ ছাড়া স্থানীয় বিশেষজ্ঞদের প্রয়োজনীয় আইনগত ও কারিগরি সহযোগিতা দিয়েছে কমনওয়েলথ সচিবায়লয়। বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র তৈরির পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্প্রতি সরকারের আমন্ত্রণে সিএলসিএসের অন্যতম সদস্য হেরাল্ড ব্রেকা বাংলাদেশ সফর করেন। তিনি বাংলাদেশের অবস্থানপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর সন্তোষ প্রকাশ করেন। ব্রেকা বাংলাদেশের কর্মকর্তাদের জানান, বাংলাদেশের অবস্থানপত্র বৈজ্ঞানিক ও কারিগরি দিক থেকে যথার্থ। বাংলাদেশের দাবি নিয়ে কবে আলোচনা হবে, জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সিএলসিএসে এখন পর্যন্ত ৫২টি দেশ তাদের অবস্থানপত্র জমা দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানপত্র নিয়ে আলোচনার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। প্রসঙ্গত, মিয়ানমার ও ভারত যথাক্রমে ২০০৮ ও ২০০৯ সালে সিএলসিএসে তাদের দাবি উপস্থাপন করেছে।