জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের মতে, গাদ্দাফির মতিভ্রম হয়েছে
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইচ বলেছেন, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতিভ্রম হয়েছে এবং তিনি একজন অযোগ্য ব্যক্তি। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে। গতকাল সোমবার বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যমে গাদ্দাফি একটি সাক্ষাত্কার দেন। ওই সাক্ষাত্কারে তিনি দাবি করেন, লিবিয়ার জনগণ তাঁকে ভালোবাসে এবং তারা গাদ্দাফিকে রক্ষায় মরতে চায়। এ ছাড়া তিনি লিবিয়ায় চলমান গাদ্দাফিবিরোধী বিক্ষোভের অস্তিত্বের কথা অস্বীকার করেন। ওই সাক্ষাত্কারের পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইচ বলেন, গাদ্দাফি তাঁর দেশের মানুষকে হত্যা করে হাসেন, এতে এটাই প্রমাণ হয় যে তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। এর আগে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মুয়াম্মার গাদ্দাফি, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে রয়েছে—লিবিয়ায় অস্ত্র বিক্রি ও সরবরাহ নিষিদ্ধ, সম্পত্তি জব্দ এবং সে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা।বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক জেরেমি ব্রাউন বলেছেন, সাক্ষাত্কার দেওয়ার সময় গাদ্দাফিকে মোটেও চিন্তিত মনে হয়নি। তিনি ছিলেন ফুরফুরে মেজাজে।