জাতিসংঘে সর্বোচ্চ সেনা পাঠায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য পাঠানো দেশ এখন বাংলাদেশ। বিশ্বে একটি আধুনিক সুশৃঙ্খল বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নাম উঠে এসেছে। আজ বুধবার সকালে সৈয়দপুর সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী সকালে সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের চতুর্থ পুনর্মিলনীতে আয়োজিত কালার প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি কোর অব ইএমইকে জাতীয় পতাকা প্রদান করেন।কোরের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এই কোর সর্বতভাবে সেনাবাহিনীকে যুদ্ধ উপযোগী রাখতে সহায়তা দিয়ে থাকে। কাজেই এ কোরের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার সব রকম সহায়তা দিয়ে যাবে।প্যারেড গ্রাউন্ডে এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদুল মবিন, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাংসদ আসাদুজ্জামান নূর, সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, সাংসদ মমতাজ বেগম প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী একটি বিশেষ বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। তিন বাহিনীর প্রধান টারমাকে তাঁকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।