জাতিসংঘের অন্যান্য সংস্থায়ও সদস্য পদ চাইবে ফিলিস্তিন
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা অচিরেই জাতিসংঘের এক ডজনেরও বেশি সংস্থার পূর্ণ সদস্য পদ চাইবেন। জেনেভায় নিযুক্ত প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের (পিএলও) রাষ্ট্রদূত ইব্রাহিম কুরাইসি গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) পূর্ণ সদস্য পদ পাওয়ার এক দিন পর ফিলিস্তিনের পক্ষ থেকে এ পরিকল্পনার কথা জানানো হলো।ইব্রাহিম কুরাইসি বলেন, ‘জাতিসংঘের এক ডজনেরও বেশি সংস্থায় সদস্য পদ চেয়ে আবেদন করার পরিকল্পনা করছে পিএলও। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও রয়েছে।’ তবে ইব্রাহিম কুরাইসি জানান, পিএলও এখনো এ সংস্থাগুলোতে সদস্য পদ চেয়ে আবেদন করেনি। কয়েক সপ্তাহের মধ্যে তাঁরা তা করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমরা গবেষণা ও প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা এখনই কোনো পদক্ষেপ নিচ্ছি না।’ ইব্রাহিম কুরাইসি বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য আমরা অপেক্ষা করব।’গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটির পর গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ওই দিনই সংস্থাটিকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ ঘোষণা করে।এর আগে গত ২৩ সেপ্টেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পেতে আবেদন করে ফিলিস্তিন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়ে রেখেছে, তারা ওই প্রস্তাবে ভেটো দেবে।