জাতিসংঘের অভিযোগ সিরিয়ার প্রত্যাখ্যান
সিরিয়ার হামা প্রদেশের ত্রেমসেহ গ্রামে গত বৃহস্পতিবারের নৃশংস হামলায় ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে—জাতিসংঘের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিরিয়া। জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত কফি আনান সিরিয়ার ওই ঘটনাকে বেপরোয়া বলে উল্লেখ করেছেন। আজ রোববার বিবিসি অনলাইনের এক খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে।সিরিয়া বলছে, ওই দিন নৃশংসভাবে হত্যা করা হয়নি। ওই ঘটনায় মাত্র ৩৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু বলা হচ্ছে যে দুই শতাধিক নিহত হয়েছে।এ ঘটনার পর থেকে জাতিসংঘের পর্যবেক্ষকেরা ত্রেমসেহ গ্রামে তদন্ত চালিয়ে যাচ্ছেন। ওই দিনের ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছে, তা এখনো সঠিক করে বলতে পারেননি তাঁরা।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি দামেস্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রেমসেহ গ্রামে হামলার সময় হেলিকপ্টার গানশিপ ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়নি। সেখানে খুবই হালকা অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ ছাড়া রকেটচালিত গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। জিহাদ মাকদিসি আরও বলেন, এ ঘটনার বিবরণ জানতে পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেমকে কফি আনান একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘ওই দিন নির্বিচারে মানুষ হত্যা করা হয়নি। এটা ছিল ভারী অস্ত্রসস্ত্রবোঝাই বিদ্রোহী বাহিনীর বিপক্ষে সেনাদের একটি অভিযান। ওই পক্ষ কোনোভাবেই রাজনৈতিক সমাধানে রাজি নয়।তবে জাতিসংঘের পর্যবেক্ষকেরা নিশ্চিত করে বলেছেন, সিরীয় কর্তৃপক্ষ কফি আনানকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ওই দিন ভারী অস্ত্র ব্যবহার করেছে।জাতিসংঘের পর্যবেক্ষকদের মুখপাত্র সুসান ঘোসেহ বলেন, ‘ঘটনার দিন হালকা অস্ত্রসহ কামান ও মর্টারের গোলা ছোড়া হয়েছে।এই অভিযোগ অস্বীকার করে মাকদিসি বলেন, ওই দিন যদি ভারী অস্ত্র ব্যবহার করা হয়েই থাকে, তাহলে বিরোধী পক্ষই তা করেছে।উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় গত বৃহস্পতিবার কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামা প্রদেশের ত্রেমসেহ গ্রামে হেলিকপ্টার গানশিপ ও ট্যাংকযোগে হামলা চালানোর পর বাশারের অনুগত শাবিহা মিলিশিয়ারা এই হত্যাযজ্ঞ চালায়।