জাতিসংঘের আগে বাংলাকে দেশের দাপ্তরিক ভাষা করার দাবি
‘আমরা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে চাইছি। অথচ বাংলাকে আমরা নিজেরাই দাপ্তরিক ভাষা করতে পারিনি। যে দেশ ভাষার জন্য গর্ব করে, সে দেশে ভাষার প্রতি যথাযথ মর্যাদা আমরা দিতে পারিনি।’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ জাতিসংঘ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা শুদ্ধ বাংলা ব্যবহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। উচ্চ আদালতে বাংলা ব্যবহারের আহ্বানও উঠে আসে আলোচনায়। সভাপতির বক্তব্যে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, ‘দেশের সংবিধানে বাংলাকে প্রজাতন্ত্রের ভাষা ঘোষণা করা হয়েছে। তার পরও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন হয়নি। ব্রিটিশ আমলে হাইকোর্টের বিধিমালা করার সময় বলা হয়েছিল, সেখানকার ভাষা হবে ইংরেজি। সেটা আজও থেকে গেছে। আজ পর্যন্ত কেউ এ বিষয়ে জনস্বার্থ মামলা করল না।...আমিসহ কয়েকজন বিচারপতি অবশ্য বাংলায় কিছু রায় দিয়েছি। তবে বাংলায় রায় না দেওয়ার একটি কারণও আছে। বিচারপতিরা রায় বলে দেন। যাঁরা লেখেন, তাঁরা বাংলায় লেখতে চান না। তাঁদের অসহযোগিতায় আমি সব রায় বাংলায় দিতে পারিনি।’প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘ভাষা নিয়ে অন্য কোনো জাতির এত গৌরবগাঁথা নেই। অথচ ভাষাকে যতটা মর্যাদা দেওয়া দরকার, আমরা ততটা দিতে পারিনি। প্রমিত বাংলার ব্যবহার এ দেশে অনেকটাই অবহেলিত। গণমাধ্যমে বিশেষ করে এফএম রেডিওতে যেটা করা হচ্ছে, সেটা ভয়াবহ। এখানে কোন ভঙ্গিতে, কোন স্বরে কোন ভাষা বলা হয়, সেটা বোঝা দুষ্কর। এ অবস্থা চলতে থাকলে একদিন বাংলা ভাষাকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না। গণমাধ্যমেই যদি প্রমিত বাংলা তুলে দেই, তাহলে তো হবে না।’বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম এতে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘দেশে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর সবগুলোতেই ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। আমার বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা ভাষার কোর্স বাধ্যতামূলক করেছি।’