জাতিসংঘের উদ্যোগে সমাধানে আশাবাদী বিএনপি
দেশের রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে, এতে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার দ্বিতীয় দফায় খালেদা জিয়ার সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, যে আলাপ-আলোচনা শুরু হয়েছে, তা চলছে, চলবে। বিরোধীদলীয় নেতা জাতিসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ঢাকা সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আজ দুপুরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন। বেলা দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় জাতিসংঘের দলটি সেখানে অবস্থান করে। এর আগে গত শনিবার সন্ধ্যায়ও বিরোধীদলীয় নেতার সঙ্গে তাদের বৈঠক হয়।আজকের বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।