জাতিসংঘের কালো তালিকা থেকে ১৪ সাবেক তালেবান নেতা বাদ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার তাদের কালো তালিকা থেকে ১৪ জন সাবেক তালেবানকে বাদ দিয়েছে। নিরাপত্তা পরিষদের এ-সংক্রান্ত একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রস্তাবিত শান্তি আলোচনায় তালেবানের অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হলো।নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা তালেবান নেতারা জঙ্গিবাদ ছেড়ে দিয়েছেন বলে কাবুলের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নেয়।তবে আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই কালো তালিকা থেকে তাঁরা তালেবানের ২০ জন সাবেক নেতার নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিল। জাতিসংঘে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি পিটার উইটিং বলেছেন, ‘এ সিদ্ধান্তের মাধ্যমে আমরা এমন বার্তাই দিতে চাই, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংস্কারমুক্ত তালেবানদের আলোচনায় সম্পৃক্ত করার উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করে।’তবে নিষেধাজ্ঞার তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়ার বিষয়ে রাশিয়া সতর্ক করেছে।আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাই ৭০ সদস্যের একটি উচ্চপর্যায়ের শান্তি পরিষদ গঠন করেছেন। নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকা থেকে যে ১৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যে চারজন ওই পরিষদের সদস্য।তবে তালেবান বলছে, আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের আগে সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। রয়টার্স।