জাতিসংঘের দারফুর প্রতিবেদনের প্রকাশনা বন্ধ রাখতে চায় চীন
দারফুরে শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা নিয়ে জাতিসংঘের তৈরি প্রতিবেদনের প্রকাশনা বন্ধ ও বাধাগ্রস্ত করতে চীন চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, দারফুরে যেসব জায়গায় শান্তি সেনারা আক্রান্ত হয়েছেন, সেখানে ডজনখানেক বিভিন্ন ব্র্যান্ডের চীনা গুলির খোসা পাওয়া গেছে। তবে চীনের দাবি, প্রতিবেদনটি অস্পষ্ট ও ভুলে ভরা। জাতিসংঘের একদল বিশেষজ্ঞ দারফুর নিয়ে এ প্রতিবেদনটি তৈরি করেন। নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের পর সেটি প্রকাশের কথা রয়েছে।এর আগে জাতিসংঘের ওই তদন্ত দলটি অভিযোগ করেছিল, দারফুরে বড় ধরনের বিদেশি অস্ত্র ও গোলাবারুদ পাচার হচ্ছে। আর পাচারই এলাকায় সরকার ও বিদ্রোহীদের দ্বন্দ্বকে দীর্ঘায়িত করছে। জাতিসংঘ কমিটির এক সভা শেষে গতকাল বুধবার চীনের রাষ্ট্রদূত ঝাও বাওগ্যাং বলেন, তাঁর সরকার জাতিসংঘের প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করে। তিনি প্রতিবেদনটিকে নিশ্চিত তথ্যপ্রমাণের অভাবে দায়ী করে বলেন, ‘তারা কোথা থেকে এ তথ্য পেল? কোনো প্রমাণই সেখানে দেওয়া নেই।’ঝাও বাওগ্যাং আরও বলেন, ‘আমরা কীভাবে ওই সুপারিশের সঙ্গে একমত পোষণ করি? আমরা তাদেরকে তদন্তের পদ্ধতি উন্নত করতে বলেছি।’জাতিসংঘের তথ্যমতে, ২০০৩ সালে দারফুরের বিদ্রোহীরা অস্ত্র ধারণের পর এ পর্যন্ত প্রায় তিন লাখ নিহত এবং ২৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।—বিবিসি