জাতিসংঘের দূত নিয়োগ, পর্যবেক্ষণে যাচ্ছে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে নতুন একজন কূটনীতিক নিয়োগ দিয়েছে। এ ছাড়া তারা সে দেশের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে একটি প্রতিনিধিদলও পাঠাতে যাচ্ছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল লড়াইয়ের মুখে জাতিসংঘ থেকে এ পদক্ষেপ এল।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন লিবিয়ার মানবিক পরিস্থিতি মূল্যায়ন ও ত্রিপোলি সরকারের সঙ্গে জরুরি মুহূর্তে আলোচনার জন্য জর্ডানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদেলিলাহ আল-খতিবকে নিয়োগ দিয়েছেন। জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন, গাদ্দাফি সরকার লিবিয়ার মানবিক পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘের একটি প্রতিনিধিদলকে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তিনি বলেন, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা ত্রিপোলিতে মানবিক পরিস্থিতি মূল্যায়নে জাতিসংঘ প্রতিনিধিদলকে ঢুকতে দেওয়ার ব্যাপারে সরকারের সম্মতির কথা জানিয়েছেন।জাতিসংঘের ত্রাণ সমন্বয়ক ভ্যালেরি আমোস জানান, ত্রিপোলির পূর্বাঞ্চলের মিসতারা শহরের গাদ্দাফির অনুগত বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল লড়াইয়ে বহু লোক হতাহত হয়েছে। এখন সেখানে তাত্ক্ষণিক সাহায্য প্রয়োজন। জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তারা শহরটিতে শিগগিরই ঢুকতে দেওয়ার জন্য গাদ্দাফি সরকারের প্রতি আহ্বান জানান। আশঙ্কা করা হচ্ছে, লড়াইয়ে বিপুলসংখ্যক লোক হতাহত হয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়াতে বেসামরিক ব্যক্তিরা সহিংসতার শিকার হচ্ছে। বিবৃতিতে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গাদ্দাফির অনুগত বাহিনী ত্রিপোলি কাছে শহর ও পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে পুনঃ নিয়ন্ত্রণ নিতে চাইছে। তবে বিক্ষোভকারীরা এ অভিযানের পাল্টা জবাব দিচ্ছে।বিবিসি জানায়, গাদ্দাফির অনুগতরা গতকাল রোববার রাস লানুফ শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অভিযান চালালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। মিসরাতা শহরের স্থানীয় এক চিকিত্সক জানান, ২১ জনের মৃতদেহ এবং শতাধিক আহতকে তাঁর হাসপাতালে আনা হয়। তিনি জানান, সরকারি বাহিনী হাসপাতালেও হামলা চালায়। গতকাল তাদের লড়াই অন্তত ছয় ঘণ্টা স্থায়ী ছিল। মিসরাতার এক বাসিন্দা জানায়, বিক্ষোভকারীরা একটি সরকারি ট্যাঙ্ক উড়িয়ে দিলে গাদ্দাফির অনুগত ১৬ সেনা নিহত হয়।