জাতিসংঘের নারী-অধিকার ধ্বংস করবে সমাজ: মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের ঘোষিত নারী অধিকারের বিষয়টি সমাজকে ধ্বংস করে দিতে পারে বলে সতর্ক করেছে মিসরের মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ক্ষমতাসীন সরকার। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়। সরকার মনে করে, নারীর কাজ করার ও ভ্রমণের সুযোগ দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া গর্ভনিরোধের ব্যবস্থা নেওয়া, এমনকি পরিবারের খরচের বিষয়ে স্ত্রীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। গত জুন মাসে ক্ষমতায় আসা মুসলিম ব্রাদারহুড গতকাল দলের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন ইসলামি দল জাতিসংঘের এ ঘোষণা ‘প্রত্যাখ্যান করে নিন্দা’ জানিয়েছে। দলটি মুসলিম দেশগুলোর জন্য এ ঘোষণা প্রত্যাখ্যান করার ১০টি কারণ দেখিয়েছে। আজ শুক্রবার সমাজে নারীর অবস্থান বিষয়ে জাতিসংঘ কমিশনের একটি ঐকমত্যে পৌঁছানোর কথা। মুসলিম ব্রাদারহুড মনে করে, এ ঘোষণার মধ্য দিয়ে স্ত্রীদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ বা যৌন হয়রানির অভিযোগ আনার বৈধ অধিকার দেওয়া হবে। দলটি আরও মনে করে, এ ঘোষণা নারীদের যৌনস্বাধীনতা, গর্ভপাতের বৈধতা, কিশোর বয়সীদের গর্ভনিরোধ-ব্যবস্থা গ্রহণে আগ্রহী করে তোলা, বিয়েতে নারীকে সম-অধিকার দেওয়া এবং সংসারে বাচ্চাদের দেখাশোনা ও টুকিটাকি কাজে স্বামী-স্ত্রীকে সম-অধিকার দেওয়া হবে।মিসরের কয়েকজন কূটনীতিক জাতিসংঘের এ ঘোষণার একটি সংশোধনী প্রস্তাব দিয়েছেন। সেখানে জাতীয় আইন, ধর্ম বা নিজস্ব সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক হলে জাতিসংঘের এ প্রস্তাব প্রয়োগ না করার কথা বলা হয়। কয়েকজন কূটনীতিক মনে করেন, এটি করা হলে জাতিসংঘের ঘোষণার যে উদ্দেশ্য, তা ব্যাহত হবে।এদিকে, মিসর, লেবানন, ফিলিস্তিন অঞ্চল, জর্ডান ও তিউনিসিয়ার মতো আরব দেশগুলোর মানবাধিকার সংস্থার একটি জোট নারীর ওপর নিপীড়নের ঘটনাকে বৈধতা দিতে গিয়ে ধর্ম, সংস্কৃতি ও প্রথাকে ব্যবহার না করতে দেশগুলোর প্রতি আহ্বান জানায়। গত সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, নারীর অগ্রগতি বিষয়ে ১৯৪৬ সালে বিশ্বজুড়ে একটি নীতিমালা তৈরি করে জাতিসংঘ। এতে পুরুষ সঙ্গীর কাছে নারীদের অত্যাচারিত হওয়ার ঘটনা কমেছে। রাইস বলেন, ‘একজন নারী যতক্ষণ না তার পূর্ণ ক্ষমতা লাভ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকারভাবে একটি মুক্ত সমাজে বাস করতে পারব না।’জাতিসংঘের এবারের ঘোষণা প্রস্তাবে নারীদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।