জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আবেদনের ওপর আলোচনা শুরু করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল সোমবার গ্রিনিচ মান সময় ১৯০০টায় এ আলোচনা শুরু হয়।মাহমুদ আব্বাসের আবেদন পাসের জন্য কোনো স্থায়ী সদস্যের ভেটো ছাড়া নিরাপত্তা পরিষদের নয়টি সদস্যদেশের সমর্থন প্রয়োজন। নিরাপত্তা পরিষদের সদস্যদেশ ১৫টি। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ফিলিস্তিনের আবেদনের বিরুদ্ধে ভেটো দেবে। কূটনীতিকেরা বলছেন, ফিলিস্তিনের আবেদনের ওপর ভোটাভুটি হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।মাহমুদ আব্বাস গত সপ্তাহে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কোনো পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনা আবারও শুরু করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।২০১০ সালের সেপ্টেম্বর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সরাসরি আলোচনা বন্ধ রয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে আলোচনা থেকে সরে আসে ফিলিস্তিন।জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন সিদ্ধান্ত নেবে যে, ফিলিস্তিনের আবেদনটি বিবেচনার জন্য তা একটি বিশেষ কমিটির কাছে পাঠাবে, নাকি ফিলিস্তিনের আবেদন বিবেচনার বিষয়টি মুলতবি রাখবে।এদিকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় দ্য কোয়ার্টেট নামে পরিচিত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ এ ব্যাপারে একটি নতুন প্রস্তাব দিয়েছে। দ্য কোয়ার্টেট এক মাসের মধ্যে আলোচনা শুরু, তিন মাসের মধ্যে দুই পক্ষের কাছ থেকে প্রস্তাব, ছয় মাসের মধ্যে বড় ধরনের অগ্রগতি ও ২০১২ সালের শেষ নাগাদ চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে। ওই চুক্তির মাধ্যমে ইসরায়েলের পাশে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আত্মপ্রকাশ ঘটবে। দ্য কোয়ার্টেটের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতিসংঘে আবেদন পেশ করে দেশে ফিরে মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো শান্তি আলোচনায় বসবেন না।গতকাল নিরাপত্তা পরিষদে আলোচনা শুরুর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিরাপত্তা পরিষদের চেম্বারে ফিলিস্তিন প্রশ্নে লেবাননের প্রধানমন্ত্রী নিজাব মিকাতির সঙ্গে বৈঠক করেছেন। লেবানন চলতি মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করছে। লেবানন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। এএফপি, বিবিসি।