জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ায় গণহত্যার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার হোমস প্রদেশের হাওলা শহরে ঘটা হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে। গতকাল রোববার নিরাপত্তা পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নিন্দা জানানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। গত শুক্রবার হাওলা শহরে নারী, পুরুষ, শিশুসহ প্রায় ১০৮ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে দেশটিতে অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকেরা নিশ্চিত করেন। এরপর ওই হত্যাযজ্ঞের ঘটনায় বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে।এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ সম্ভাব্য কঠোর ভাষায় এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। বেসামরিক জনগণের বিরুদ্ধে এভাবে শক্তি ব্যবহার আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় লঙ্ঘন। রাশিয়া নিন্দা জানিয়েছে, এ ঘটনা দুঃখজনক।হাওলার হত্যাযজ্ঞের ঘটনায় সিরিয়ার সরকার ও বিরোধীরা পরস্পরকে দোষারোপ করেছে। তবে ব্রিটিশ সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আসাদ সরকারের অনুগত বাহিনীই যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। গত শুক্রবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ভারী অস্ত্র নিয়ে হাওলায় অভিযান চালায়। এরপর সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের পর্যবেক্ষকেরা শহরটি পরিদর্শন করতে গিয়ে গণহত্যার প্রমাণ পান।জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও আরব লিগের বিশেষ দূত কফি আনান এক বিবৃতিতে এ ঘটনাকে দুঃখজনক ও নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। মুন ও আনান বলেছেন, ‘এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’গত এক বছরের বেশি সময় ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী আন্দোলন চলছে। এ সময় আসাদ অনুগত বাহিনী ১০ হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে বলে জাতিসংঘ জানিয়েছে।