জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থন কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও তুরস্ক সব ধরনের সন্ত্রাস মোকাবিলার পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।সফররত তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে আজ রোববার দ্বিপক্ষীয় বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ২০১৬-১৭ মেয়াদের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থন কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক বিবৃতিতে বলেন, আন্তরিক পরিবেশে দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় স্থান পায়।বৈঠকের ফলাফল সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও তুরস্ক ২০১৫ সালের মধ্যে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অন্তত ৩০০ কোটি ডলারে উন্নীত করার বিষয়ে সম্মত হয়েছে।বাংলাদেশে বিদ্যমান বাণিজ্য অনুকূল পরিবেশের উল্লে¬খ করে তিনি এরদোগানের প্রতি বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, নদী খনন, আইসিটি, পর্যটন, বস্ত্র এবং কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের উত্সাহিত করার আহ্বান জানান।শেখ হাসিনা এরদোয়ানকে বলেন, বিশ্ববাজারে তুরস্কের রপ্তানিযোগ্য পণ্যকে আরও প্রতিযোগিতামূলক করতে তাদের আরএমজি (তৈরি পোশাক) কারখানা ও অন্যান্য শিল্প স্থাপনে বাংলাদেশ একটি চমত্কার গন্তব্য।শেখ হাসিনা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বিশেষ করে তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিভিন্ন বাধা দূরীকরণ ও ব্যাংক লেনদেন সুবিধার জন্য তুরস্কের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুরস্কের বাজারে বাংলাদেশি ওষুধ সামগ্রীর প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে তুর্কি জিএমপির (মানসম্মত উত্পাদন সনদ) পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের জিএমপি গ্রহণ করার জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমাদের ওষুধ বিশ্বের সেরা ওষুধগুলোর অন্যতম। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বে ৭৩টি দেশে বাংলাদেশি ওষুধ রপ্তানি হচ্ছে।’ তিনি আশা প্রকাশ করেন, তুরস্কের বাজারে বাংলাদেশের ওষুধের প্রবেশের সহায়তায় তুর্কি জিএমপি সনদের বদলে ইইউ জিএমপি সনদ গ্রহণ করবে।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হতে থাকবে।আগামী মাসে তুর্কি এয়ারলাইনস ফ্লাইট চালুর কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এটি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যোগাযোগ বাড়াতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ত্বরান্বিত করবে। বৈঠককালে তুরস্কের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন।পরে এক বিবৃতিতে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান ২০২১ সাল নাগাদ একটি মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন ব্যক্ত করেন।তুর্কি প্রধানমন্ত্রী বাংলাদেশের অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে দেশের জনগণের কল্যাণে বর্তমান সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। তিনি বিশেষ করে গণতন্ত্রকে শক্তিশালীকরণ, আইনের শাসন, মানবাধিকার পরিস্থিতি, জেন্ডার সমতা ও জনগণের মতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুই দেশের মধ্যে ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বাণিজ্য হয়েছে উলে¬খ করে এরদোগান বলেন, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যেখানে তুরস্ক সহযোগিতা করতে পারে।বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান চমত্কার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উলে¬খ করে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অব্যাহত সহযোগিতার মধ্য দিয়ে এ সম্পর্ক আরও জোরদার হবে। এ ছাড়া তিনি বাংলাদেশে শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে তাঁর দেশের আগ্রহ প্রকাশ করেন।অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব এম আবদুল করিম, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, স্বাস্থ্যসচিব এম হুমায়ুন করিব ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।