জাতিসংঘের নয়া নিষেধাজ্ঞাগুলো ডাস্টবিনের উপযুক্ত: আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর জাতিসংঘ-আরোপিত নতুন নিষেধাজ্ঞাগুলোকে ডাস্টবিনের উপযুক্ত ‘ময়লা রুমাল’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন। তেহরান তার পরমাণু কর্মসূচি বন্ধ না করায় গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর এই চতুর্থবারের মতো একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। এবারের নিষেধাজ্ঞাগুলোর মধ্যে আগের চেয়ে জোরালোতর আর্থিক নিয়ন্ত্রণ ও ব্যাপকতর অস্ত্র নিষেধাজ্ঞা থাকলেও, ইরানকে পঙ্গু করে দেওয়ার মতো যেসব শাস্তিমূলক ব্যবস্থা যুক্তরাষ্ট্র নিতে চেয়েছিল সেগুলো নেই। গতকাল নিউইয়র্কে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ১২-২ ভোটে ইরানের বিরুদ্ধে এ নতুন দমনমূলক ব্যবস্থাগুলো গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ব্রাজিল ও তুরস্ক নতুন নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে ভোট দেয়, আর অন্যদিকে লেবানন ভোট দেওয়া থেকে বিরত থাকে। তাদের যুক্তি ছিল, নিষেধাজ্ঞাগুলো আরোপের ফল হবে নেতিবাচক। তার পরিবর্তে এ দেশগুলো কূটনৈতিক সমাধানে আসার ওপর গুরুত্বারোপ করে। বরাবরের মতো ইরান দাবি করে, সে কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না, তার পরমাণু কর্মসূচির একমাত্র লক্ষ্য হচ্ছে আনবিক জ্বালানি উত্পাদন।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানায়, আহমাদিনেজাদ বলেন, ‘আমি (বিশ্ব শক্তিগুলোর) একটিকে জানিয়ে দিয়েছি যে তোমরা যে অবরোধ আরোপ করছ তা একটি ব্যবহূত রুমালের মতো, যা ডাস্টবিনে ছুড়ে ফেলা উচিত।’ তিনি আরও বলেন, ‘এগুলো ইরানের জনগণকে কোনো কষ্টই দিতে পারবে না।’বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক জেরেমি বোয়েন বলেন, এ নিষেধাজ্ঞা আরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে ব্যবহারের জন্য ইরানের যেসব পণ্যসামগ্রীর সরবরাহ দরকার তা নিষিদ্ধ করার একটি আইনি ভিত্তি সৃষ্টি। তা ছাড়া এবারের নিষেধাজ্ঞার ফলে ইরান জঙ্গি হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রের মতো কোনো ভারী সমরাস্ত্র কিনতে পারবে না। তবে শেষ পর্যন্ত দেশটির অর্থনীতি পঙ্গু করে দিতে সক্ষম এমন কোনো অর্থনৈতিক বা তেল বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ইরানের ওপর।—বিবিসি অনলাইন