জাতিসংঘের পরমাণু বৈঠকে ন্যায্য প্রস্তাব পেশ করবেন আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, পরমাণু অস্ত্র বিস্তার-নিয়ন্ত্রণ চুক্তিসম্পর্কিত (এনপিটি) এক বৈঠকে নিরস্ত্রীকরণ ও বিশ্ব নিরাপত্তার ব্যাপারে ইরান ‘বাস্তব ও ন্যায্য’ প্রস্তাব পেশ করবে। বৈঠকটি আজ সোমবার নিউইয়র্কে শুরু হবে। আহমাদিনেজাদ নিউইয়র্ক পৌঁছে ইরানের সংবাদমাধ্যমে এ কথা বলেন।পাশ্চাত্যের দেশগুলোর সন্দেহ হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি আণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিচালিত। তাই এই মাসব্যাপী পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির পর্যালোচনা বৈঠকের পাশাপাশি যেসব বিষয় নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক হবে, তার মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি হবে অন্যতম। এনপিটি মেনে চলা বা এ সংক্রান্ত সমস্যাগুলো পর্যালোচনা করতে প্রতি পাঁচ বছরে একবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।পাশ্চাত্যের কূটনীতিকেরা অনুমান করছেন, আহমাদিনেজাদ বৈঠকের শুরুতেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বিস্তারের ভীতিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোকে পরমাণু প্রযুক্তি ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করবেন।বিশ্বের পঞ্চম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি বিদ্যুত্ উত্পাদনের উদ্দেশ্যে, বোমা তৈরির জন্য নয়।ইরান বলছে, দেশটির প্রতিরক্ষা নীতিতে পরমাণু অস্ত্রের কোনো স্থান নেই। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে তাদের পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছে ইরান।ইরানের পরমাণু কার্যক্রমের ওপর চতুর্থ দফা জাতিসংঘের অবরোধ আরোপের ব্যাপারে রাশিয়া ও চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স আলোচনা চালিয়ে যাচ্ছে।—রয়টার্স