জাতিসংঘের পরোয়ানা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় জাতিসংঘের বিশেষ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ। গতকাল শনিবার এক টিভি ভাষণে তিনি ওই পরোয়ানা প্রত্যাখ্যান করার কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।হারিরি হত্যা মামলায় গত বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ আদালত চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। লেবাননের এলবিসি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়, রফিক হারিরি হত্যার ঘটনায় যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এর মধ্যে শিয়া রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা রয়েছেন।এর আগে জাতিসংঘের সহায়তায় পরিচালিত ওই তদন্তের পর বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এই অভিযোগপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে।হাসান নসরুল্লাহ বলেছেন, ‘তারা তাঁদের ৩০ দিন বা ৬০ দিন বা দুই বছর বা ৩০ বছর বা ৩০০ বছরেও খুঁজে পাবে না কিংবা গ্রেপ্তার করতে পারবে না।’ নসরুল্লাহ বলেন, ‘আমরা এই ভিত্তিহীন অভিযোগ ও পরোয়ানা প্রত্যাখ্যান করি। আমরা এটাকে আমাদের বিরুদ্ধে তাদের আগ্রাসন হিসেবে বিবেচনা করি। আমাদের দুর্বল করে দেওয়া এবং লেবাননকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সুযোগ আমরা তাদের দেব না।’হিজবুল্লাহ নেতা তাঁদের সংগঠনকে ধ্বংস করার জন্য এই ট্রাইব্যুনালকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক হাতিয়ার হিসেবেও চিহ্নিত করেছেন।২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতে এক বোমা হামলায় রফিক হারিরি নিহত হন।