জাতিসংঘের পর্যবেক্ষক দল সিরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় অস্ত্রবিরতি পর্যবেক্ষণে জাতিসংঘের একটি আগাম পর্যবেক্ষক দল গতকাল রোববার রাজধানী দামেস্ক পৌঁছেছে। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মুখপাত্র জানিয়েছেন, ছয়জন পর্যবেক্ষক সিরিয়ার রাজধানী দামেস্কতে পৌঁছেছেন এবং আজ সোমবার থেকে তাঁরা সেখানে কাজ শুরু করবেন। সিরিয়ায় অস্ত্রবিরতি পর্যবেক্ষণে সে দেশে আগাম পর্যবেক্ষক দল পাঠাতে গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়। এরপরই ছয় সদস্যের এ পর্যবেক্ষক দল দামেস্কের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জাতিসংঘের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়েছে দামেস্ক। সরকার আশা করছে, সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত অপরাধ পর্যবেক্ষকেরা প্রত্যক্ষ করবেন। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অবস্থায় ৩০ জন পর্যবেক্ষকের মধ্যে ছয়জন দামেস্কে গেছেন। তবে জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত কফি আনান জানিয়েছেন, ক্রমান্বয়ে পর্যবেক্ষকদের এ সংখ্যা দুই শতাধিক হতে পারে।এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। স্থানীয় অধিবাসী ও মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করেছে, হোমস শহরে সরকারি সেনারা বিরামহীনভাবে ট্যাংকের গোলা, রকেট ও মেশিনগানের গুলি চালাচ্ছে। এতে বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। গত এক বছরের বেশি সময় ধরে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলছে। এ সময় সরকারি বাহিনীর অভিযানে আট হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।