জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চাইল ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্থাত্ সার্বভৌম রাষ্ট্রের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে পূর্ণ সদস্যপদের আবেদনপত্র জমা দিয়েছেন।পরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনিরা চায় তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আরও বড় ভূমিকা নেবে জাতিসংঘ। খবর বিবিসির।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যুক্তি তুলে ধরে মাহমুদ আব্বাস বলেন, দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়েছে। ইসরায়েল যে প্রাচীর তৈরি করেছে, সেটা আসলে বর্ণবাদী বিভেদ সৃষ্টিকারী একটি প্রাচীর। ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে হবে। আর এ রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।বান কি মুন ফিলিস্তিনের আবেদন অনুমোদন করলে সেটি পর্যালোচনা করে দেখবে নিরাপত্তা পরিষদ। আবেদনটি পাস হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত নয়টি সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন। তবে ভেটো ক্ষমতা অধিকারী পাঁচটি রাষ্ট্রের কেউ ভেটো দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে।ওয়াশিংটন আগেই বলে দিয়েছে, ফিলিস্তিনের প্রস্তাবে তারা ভেটো দেবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ওয়াশিংটন হয়তো ভেটো নাও দিতে হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চেষ্টা চালাচ্ছে যাতে পরিষদের সদস্যরা হয় ফিলিস্তিনিদের পরিকল্পনার বিপক্ষে ভোট দিক, নয়তো ভোটদান থেকে বিরত থাকুক।আব্বাস তাঁর প্রস্তাবের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে ফিলিস্তিনে ইসরায়েলি অধিকৃত এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া দুটি স্থানে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলিদের সংঘর্ষ হয়েছে।