জাতিসংঘের মধ্যস্থতা চায় বিরোধীরা, সরকারের ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজধানী ব্যাংককে সেনাদের সঙ্গে সরকারবিরোধীদের বিক্ষোভের সময় গতকাল রোববার আরও একজন নিহত হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণের লক্ষ্যে কর্তৃপক্ষ আরও পাঁচটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। এদিকে চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা করতে বিক্ষোভকারীদের প্রস্তাব নাকচ করেছে সরকার।নারী, শিশু ও বৃদ্ধদের বিক্ষোভের স্থান থেকে সরে যেতে আজ সোমবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। ‘লালশার্ট’ নামে পরিচিত হয়ে ওঠা ওই রঙের পোশাক পরা বিক্ষোভকারীরা ব্যাংককের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।থাইল্যান্ডের জরুরি বিভাগ সূত্র দেশটির বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষের খবর স্বীকার করেছে। সংঘর্ষে একজনের নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যাংককে সেনারা বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে। কেউ বিক্ষোভকারীদের দিকে যাওয়ার চেষ্টা করলে গুলি ছোড়া হচ্ছে। তবে গত কয়েক দিনের তুলনায় গতকাল ব্যাংককের রাজপথ খানিকটা শান্ত ছিল।গতকাল কর্তৃপক্ষ নতুন করে পাঁচটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। এ নিয়ে দেশের ৭৬টির মধ্যে ২০টি প্রদেশেই জরুরি অবস্থা জারি করা হলো। গতকাল ব্যাংককের স্কুলগুলো এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর কয়েকটি স্থানে কারফিউ জারির চিন্তা করলেও পরে সেই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ সরে আসে। থাইল্যান্ডে প্রায় দুই মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত ও দেড় হাজার ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে চার দিনেই অন্তত ২৭ জন নিহত হয়।বিক্ষোভকারীদের নেতা কোকায়েউ পিকুলথং ব্যাংককের রাস্তা থেকে সেনা প্রত্যাহারের জন্য গতকাল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য করে গুলি করা বন্ধ করুন। সংকট সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় বসুন।’আরেক নেতা নাতাউত সাইকুয়া বলেন, ‘আমরা জাতিসংঘকে মধ্যস্থ করে আলোচনার আহ্বান জানাচ্ছি। কারণ, থাইল্যান্ডের কোনো কর্তৃপক্ষের কাছ থেকে ন্যায়বিচার পাওয়া যাবে—আমরা এমন আস্থা পাচ্ছি না।’ তবে সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। সরকারের মুখপাত্র পানিথান ওয়াত্তানাইয়াগর্ন জাতীয় টেলিভিশনে বলেন, ‘দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরকার কারও হস্তক্ষেপ মেনে নেবে না।’বিক্ষোভকারীদের অন্যতম প্রধান নেতা জতুপর্ন প্রোমপান বলেন, ‘দেশ এখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। জানি না কীভাবে এই সমস্যার সমাধান হবে।’ তিনি এই সংকট থেকে উত্তরণে রাজা ভূমিবল আদুলাজেদকে ‘একমাত্র আশা’ হিসেবে উল্লেখ করেন। থাইল্যান্ডের রাজা দেশে দলমত-নির্বিশেষে ব্যাপক জনপ্রিয়। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া বলেছেন, সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা ব্যাংককের জনগণকে জিম্মি করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ সশস্ত্র পক্ষ তৈরি করে সরকারকে উৎখাত করতে চায়—আমরা এমন পরিস্থিতি সমর্থন করতে পারি না।’ প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভকারীদের মধ্যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে।সরকারের পক্ষ থেকে বিক্ষোভের স্থান থেকে নারী, শিশু ও বৃদ্ধদের আজ সোমবার বিকেলের মধ্যে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এ জন্য সরকার রেডক্রসের সঙ্গে কাজ করছে। বেঁধে দেওয়া সময় পার হলে সেখানে সেনা অভিযানের আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা। এর মধ্যে সমর্থকদের নতুন করে আরও তিনটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন বিরোধী নেতারা। এএফপি, বিবিসি।