জাতিসংঘের মহাসচিব ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল রোববার রাতে ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সফর করবেন। খবর বাসসের। বান কি মুনের সঙ্গে তাঁর স্ত্রী বান সুন তায়েকও রয়েছেন। বান কি মুন গতকাল রাতে সস্ত্রীক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, শেখ হাসিনার মেয়ে বাংলাদেশে অটিজম-সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা হোসেন ওয়াজেদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মুদাচ্ছের আলী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেনসহ অন্যরা তাঁকে অভ্যর্থনা জানান।বাংলাদেশে অবস্থানকালে বান কি মুন মৌলভীবাজারের একটি কমিউনিটি ক্লিনিক এবং ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) পরিদর্শন করবেন।মহাসচিব আজ সোমবার ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনের তথ্যসেবাসংক্রান্ত ই-সার্ভিস উদ্বোধন করবেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শনের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন।