জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে লিবিয়া বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদ লিবিয়াকে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় ভোটাভুটির মাধ্যমে এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। খবর আল-জাজিরা অনলাইন।জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া চরমভাবে এবং পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘ এ পদক্ষেপ নিয়েছে।ভোটের আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন লিবিয়াকে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার জন্য আহ্বান জানান। লিবিয়ার জনগণকে ত্বরিত মানবিক সহায়তা দিতে এগিয়ে আসার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান। মুন বলেছেন, দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার জনগণের শান্তিপূর্ণ কর্মসূচি দমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও নির্যাতন করছে। বান কি মুন বলেন, ‘বিশ্ব এক সুরে কথা বলছে। আমরা এ সহিংসতার দ্রুত সমাপ্তি চাই এবং লিবিয়ার জনগণের মৌলিক অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের দাবি জানাই।’ জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, অপরাধীদের কোনো ক্ষমা নেই। মানবতার বিরুদ্ধে যারা এই অপরাধ করেছে, তারা শাস্তি পাবে।লিবিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা-সংক্রান্ত ভোটে ভেনেজুয়েলাসহ কয়েকটি দেশ অসম্মতি জানায়।