শিশুর সংজ্ঞা নির্দিষ্ট করা বা শিশু অধিকারের বিষয়টি নজরদারির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি ছাড়াই জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে যাচ্ছে সরকার। শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়ন পরিস্থিতি-সংক্রান্ত এটি পঞ্চম প্রতিবেদন, যা প্রতি পাঁচ বছর পর পর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শিশু অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিদের পর্যবেক্ষণ হচ্ছে, দত্তকব্যবস্থার বিষয়টি সরকার অনুমোদন করেনি। শিশুদের চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা দেওয়ার বিষয়েও সরকার নিশ্চুপ রয়েছে। শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগের বিষয়টিও ধামাচাপা পড়ে গেছে। এ পরিস্থিতির মধ্যে সিআরসি কমিটির কাছে সরকারকে ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদনটি পাঠাতে হবে।সরকার এ বিষয়ে খসড়া প্রতিবেদন তৈরি করে মতামত দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়েছে গত ২৬ সেপ্টেম্বর। এর ওপর গতকাল রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১৯৯০ সালে প্রথম যে ২২টি দেশ শিশু অধিকার সনদটি অনুসমর্থন করেছিল, বাংলাদেশ তার একটি। সনদ সইয়ের পর রাষ্ট্র তার দেশের শিশুরা কেমন আছে তা জানিয়ে জাতিসংঘের কমিটির কাছে নিয়মিত প্রতিবেদন দিয়ে থাকে। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার প্রথম প্রতিবেদন দিয়েছিল। ২০০৯ সালে কমিটি বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ পর্যায়ের সম্মিলিত প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী পাঁচ বছর শিশুদের অধিকার রক্ষায় করণীয় সম্পর্কে পর্যবেক্ষণ দেয়। শিশু অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা বলছেন, জাতীয় শিশুনীতি, শিশুশ্রম নীতিমালাসহ সরকার বেশ কিছু আইন ও নীতি করেছে। এগুলো বাস্তবায়নের চিত্র সরকারের খসড়া প্রতিবেদনে নেই। এ ছাড়া সনদের ১৪ (১) অনুচ্ছেদ (চিন্তা, বিবেক ও ধমের স্বাধীনতাকে সম্মান জানানো) এবং ২১ অনুচ্ছেদ (দত্তকব্যবস্থা) থেকে আপত্তি তুলে নিতে কার্যকর পদক্ষেপও নেয়নি।এ প্রসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশে অভিভাবকত্ব আইন আছে, তাই দত্তক নেওয়ার দরকার নেই। আর সরকার কখনো বলেনি যে দত্তককে অনুমোদন দেবে, বিবেচনার কথা বলেছে মাত্র।’ তিনি আরও বলেন, ‘শিশু বড় হওয়ার পরই ধর্মের বিষয়ে সিদ্ধান্ত নেবে বা মতামত দেবে।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৬ সালে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগসংক্রান্ত আইনের খসড়া তৈরির পর মন্ত্রিপরিষদ এটি পর্যালোচনা করলেও অনুমোদন করেনি। সরকার জাতীয় শিশুনীতি ও শিশুশ্রম নীতি তৈরি করলেও এ নীতি বাস্তবায়নের কর্মকৌশল তৈরি করতে পারেনি। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তালিকাও সরকার প্রকাশ করতে পারেনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া অন্য দেশের শিশু বা শরণার্থী শিশুদের স্বার্থরক্ষাসহ বিভিন্ন বিষয়েই কার্যকর উদ্যোগ না থাকায় কমিটির কাছে জবাবদিহির সময় সরকারকে আবার ‘প্রক্রিয়াধীন’ ও ‘বিবেচনাধীন’ শব্দগুলোই বলতে হবে। সরকারের খসড়া প্রতিবেদনেও এ শব্দগুলোরই প্রাধান্য। কমিটির উদ্বেগ ও সুপারিশ: কমিটি সর্বশেষ পর্যবেক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে সনদটি ব্যবহারের জন্য সমন্বিত আইন না থাকায় উদ্বেগ প্রকাশ করে। শিশুর সর্বোত্তম স্বার্থ বলতে কী বোঝায়, সে সংজ্ঞা নির্ধারণের জন্যও কমিটি সুপারিশ করেছিল। সরকার এখন পর্যন্ত ওই সংজ্ঞা নির্ধারণ করেনি। শিশুর সর্বোত্তম স্বার্থের ওপর ভিত্তি করে সরকারসহ সুশীল সমাজ যেসব পদক্ষেপ ও সিদ্ধান্ত নেয়, তা মূল্যায়নের সুপারিশ করেছিল কমিটি। এ ছাড়া দেশে সনদটি সবাইকে জানাতে সরকারের তেমন কোনো কার্যক্রম না থাকায় কমিটি উদ্বেগ প্রকাশ করে।এ ছাড়া জাতিসংঘ শ্রম সংস্থার ন্যূনতম বয়স নির্ধারণ-সংক্রান্ত সনদ ১৩৮ সরকার এখনো অনুমোদন করেনি। শিশুদের নিরাপত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, কন্যাশিশু, যৌন হয়রানি থেকে শিশুদের রক্ষাসহ বিভিন্ন বিষয়ে কমিটি উদ্বেগ প্রকাশ করেছিল। শিশুর অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে মা-বাবার জন্য কর্মসূচি গ্রহণ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া, নির্যাতন ও অবহেলার শিকার শিশুরা যাতে ওই অবস্থা থেকে বের হয়ে আসতে পারে, সে জন্য পর্যাপ্ত সেবা ও পরামর্শ প্রদান, পুনর্বাসনের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ে কমিটির সুপারিশ ছিল। কমিটি জাতিসংঘ শিশু তহবিলসহ (ইউনিসেফ) বিভিন্ন সংস্থার সহায়তায় এসব পরিস্থিতি পরিবর্তনেরও তাগিদ দেয়।ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউনিসেফ লিঙ্গ, বয়স, শ্রেণী হিসেবে শিশুদের পৃথক তথ্যভান্ডার গড়ে তোলা, জন্মনিবন্ধন কার্যক্রমকে কার্যকর করাসহ বিভিন্ন উদ্যোগে সহায়তা দিচ্ছে। তবে শিশু অধিকার বাস্তবায়নের মূল কাজ সরকারকেই করতে হবে। তিনি বলেন, গত ২১ মে আইন মন্ত্রণালয় শিশুর বয়স অনূর্ধ্ব ১৬ নির্ধারণ করে মতামত দিয়ে (ভেটিং) তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশুর বয়স অনূর্ধ্ব ১৮ নির্ধারণের অনুরোধ জানিয়ে খসড়াটি ফের আইন মন্ত্রণালয়ে পাঠায়। এটি এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়েই পড়ে আছে।মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, শিশু অধিকার সনদটি দেশে কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা দেখার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। মহিলাবিষয়ক অধিদপ্তর থাকলেও শিশুদের জন্য কোনো অধিদপ্তর নেই। বেসরকারি সংস্থাসহ যারা শিশুর অধিকার নিয়ে কাজ করছে, তাদের জবাবদিহির কোনো জায়গা নেই। সরকারের পাশাপাশি মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরামসহ বিভিন্ন সংগঠন বিকল্প বা ছায়া প্রতিবেদন তৈরি করছে। এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল, মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেনের সহায়তায় শিশুরাই আলাদা একটি প্রতিবেদন তৈরি করছে।