জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন এন্তোনিও বান্দেরাস
জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম (ইউএনডিপি) সম্প্রতি দারিদ্র্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী সংগ্রামের জন্য তার শুভেচ্ছা দূত হিসেবে স্প্যানিস অভিনেতা এন্তোনিও বান্দেরাসের নাম ঘোষণা করেছে। ইউএনডিপি জানায়, বান্দেরাস তাঁর তারকাখ্যাতি দিয়ে সবাইকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের (এমডিজিস) প্রতি সচেতন করে তুলতে পারবেন। এমডিজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুধা, রোগ, নিরক্ষরতা, দূষণ ও নারীর প্রতি বৈষম্যের সঙ্গে লড়াই করে ২০১৫ সালের মধ্যে বিশ্বব্যাপী দারিদ্র্য অর্ধেক কমিয়ে ফেলা। ইউএনডিপি প্রধান হেলেন ক্লার্ক বলেন, দুর্ভাগাদের জন্য কাজ করতে বান্দেরাসের যে সুস্পষ্ট অঙ্গীকার তার ফলে তিনি হয়ে উঠেছেন আমাদের প্রচেষ্টার পক্ষে একজন আদর্শ দূত। এন্তোনিও বান্দেরাসের (৪৯) জন্ম স্পেনের মালাগায়। তিনি একাধারে একজন অভিনেতা, লেখক, শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক।ইউএনডিপির অন্য শুভেচ্ছা দূতদের মধ্যে আছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, জাপানের অভিনেত্রী মিসাকো কোনো এবং নরওয়ের যুবরাজ হাকন ম্যাগনাস।