জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ছেদের হুমকি দিল রুয়ান্ডা
প্রকাশিত একটি প্রতিবেদনে নিজ দেশের সেনাবাহিনীকে সমালোচনা করায় জাতিসংঘের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রুয়ান্ডা। খবর বিবিসি অনলাইনের।গত শুক্রবার জাতিসংঘের প্রতিবেদনকে ‘পাগলামি’ বলে উল্লেখ করে কিগালি জানিয়েছে, নিজ দেশের সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মিথ্যাচার করা হলে তারা শান্তিরক্ষী মিশনে অবদানের বিষয়টি ভেবে দেখবে।ওই প্রতিবেদনে নব্বইয়ের দশকে কঙ্গোতে হুতু গণহত্যায় রুয়ান্ডার সেনাবাহিনীর জড়িত থাকার কথা বলা হয়েছে। ১৯৯৪ সালে তুতসি সংখ্যাগরিষ্ঠ রুয়ান্ডার সেনাবাহিনীর মদদে তুতসিরা প্রায় আট লাখ হুতু জনগোষ্ঠীর লোককে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় ১৯৯৪ সালে তৎকালীন জায়ারে (বর্তমানে কঙ্গো) হুতু-তুতসি জাতিগত দাঙ্গা চলাকালীন রুয়ান্ডার সেনাবাহিনী অন্যায়ভাবে সেখানে প্রবেশ করে তুতসিদের হুতু হত্যাকাণ্ডে সহায়তা প্রদান করে।প্রতিবেদনটি গত শুক্রবার প্রকাশিত হলেও এর কিছু অংশ আগেই রুয়ান্ডার নেতৃস্থানীয়দের হাতে চলে আসে। এ মাসের শুরুর দিকেই রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী লুইস মুশিকিওয়াবো জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে পাঠানো এক চিঠিতে কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন এ প্রতিবেদনে রুয়ান্ডার সেনাবাহিনীকে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে, তা প্রত্যাহার না করলে রুয়ান্ডা জাতিসংঘের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে। তিনি এ প্রতিবেদনে ব্যবহারকৃত তথ্য-উপাত্তের উত্স নিয়েও সন্দেহ পোষণ করেন। এ চিঠিতে জানিয়ে দিয়েছেন, যদি জাতিসংঘ এ প্রতিবেদনটির ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তার দেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে।উল্লেখ্য, সুদানের দারফুরে রুয়ান্ডার কয়েক হাজার শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে।