জাতিসংঘের সিডও কমিটিতে আবারও বাংলাদেশের প্রতিনিধি
‘পারিবারিক নির্যাতনের প্রভাব আজ শুধু চার দেয়ালের মধ্যেই সীমিত নয়। ব্যক্তিজীবনের এ সংকট আচ্ছন্ন করছে সমাজ আর রাষ্ট্রকে। তাই ঘরের মামলা ঘরেই মিটে যাবে এমনটা ভাবার দিন ফুরিয়ে গেছে। তাই এ সমস্যা দূর করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। শারীরিক ও মানসিক এই নিপীড়নের বিরুদ্ধে নিতে হবে জোরালো অবস্থান।’পারিবারিক সহিংসতা দূর করার উপায় সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বললেন জাতিসংঘে নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ কমিটির (সিডও) নবনির্বাচিত সদস্য ইসমাত জাহান। গত ২৯ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই নির্বাচনে ১৮৫ সদস্য কমিটির নির্বাচনে সর্বোচ্চ ১৫৩টি ভোট পেয়ে নির্বাচিত হন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত জ্যেষ্ঠ এই নারী কূটনীতিক।গত শুক্রবার বিকেলে প্রথম আলোর সঙ্গে টেলিফোনে আলাপচারিতায় জাতিসংঘের ওই কমিটিতে তাঁর আগামী দিনের কাজের পরিকল্পনা, পারিবারিক সহিংসতা ও কূটনীতিক হিসেবে কিছু অভিজ্ঞতার স্মৃতি তুলে ধরেন।আগামী চার বছর সিডওতে কাজ করার সময় তাঁর অগ্রাধিকারের বিষয়ে বলতে গিয়ে ইসমাত বলেন, ‘এ কমিটির সদস্য হিসেবে আমি শুধু বাংলাদেশই নয়, আমাদের দেশের মতো সব স্বল্পোন্নত দেশেই যাতে নারীর বিরুদ্ধে বৈষম্য দূর হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব। আমি ব্যক্তিগতভাবে কয়েকটি বিষয়ে জোর দিতে চাই। যেগুলোর মাঝে রয়েছে কন্যাশিশুর শিক্ষা ও নারীর বিরুদ্ধে সহিংসতার বিলোপ। কারণ নারীর নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে অন্য সব অর্জন বিফলে যাবে। তাই আমি এ বিষয়ে জোর দিতে চাই।’পারিবারিক নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে ইসমাত বলেন, উন্নত বিশ্বে এ ধরনের নির্যাতন বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ নারী যদি নিরাপদ না হয়, তবে অন্য অর্জন প্রশ্নবিদ্ধ হবে। তাই এ ব্যাপারে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। কিছু বিষয় সংরক্ষিত রেখে বাংলাদেশ ১৯৮৪ সালে প্রথম সিডও (নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ সনদ) স্বাক্ষর করে। এরপর কয়েকবার অবস্থান বদলের পরও সনদের দুটি ধারার {ধারা-২ ও ১৬ (গ)} ব্যাপারে বাংলাদেশের এখনো আপত্তি আছে। দেশের নারী আন্দোলনের নেত্রীরা মনে করেন, এমন অবস্থান নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপের পথে বাধা হিসেবে কাজ করছে। এ অবস্থায় ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান কেমন হবে—এ বিষয়ে পেশাদার কূটনীতিক ইসমাত জাহান বলেন, ‘আমাদের কমিটির কাজ হলো দেশগুলোকে নিয়ে সংলাপে বসা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়। গত কয়েক বছরে বাংলাদেশ এ ব্যাপারে অনেক এগিয়ে গেছে। যে অবস্থান থেকে সনদ সই হয়েছিল, তার বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে। তা ছাড়া বর্তমান সরকারের এ ব্যাপারে আন্তরিকতা আছে। আমার ধারণা, আগামী জানুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম প্রতিবেদন জমা দেওয়ার সময় বাংলাদেশের অবস্থানের আরও কিছু পরিবর্তন যোগ হবে।২৭ বছর আগে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই, তখন মাত্র দুজন নারী কূটনীতিক হিসেবে কাজ করছিলেন। এ অবস্থায় কূটনীতিক হওয়ার সিদ্ধান্তটা কীভাবে এল—প্রশ্ন করা হলে তিনি বলেন, মা-ই আমার প্রেরণা। তিনি ছিলেন তৎকালীন পূর্ব-পাকিস্তানের আইনজীবী মেহেরুন্নেসা। এ ছাড়া ১৯৫৪ সালের নির্বাচনে তিনি যুক্তফ্রন্টের হয়ে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পুরোপুরি বৈরী পরিবেশে কিছু করার অনুপ্রেরণা তিনি আমায় জুগিয়েছেন। তা ছাড়া দেখেছি, বাবা-মাকে কীভাবে অনুপ্রেরণা দিতেন। তখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করি, একেবারে আলাদা কোনো একটা পেশা বেছে নেব। এই ভাবনা থেকেই বিসিএস পরীক্ষায় অংশ নিই। আর সেখানে আমার একমাত্র পছন্দের বিষয় ছিল পররাষ্ট্র সার্ভিস।ইসমাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের টাফটস্ বিশ্ববিদ্যালয়ের ফ্লেচারস স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে কূটনীতি ও আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৬ বছরের কূটনীতিকের পেশায় তিনি নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বেশ কয়েকটি দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বর্তমানে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে জ্যেষ্ঠ এই নারী কূটনীতিক নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ইসমাত জাহান কাজ করেছেন নয়াদিল্লি ও জেনেভার মতো দুটি গুরুত্বপূর্ণ মিশনেও। এখানে উল্লেখ করা যেতে পারে, সিডওতে বাংলাদেশের প্রতিনিধিত্ব এটাই প্রথম নয়। এর আগে সালমা খান দুবার কমিটিতে সদস্য হিসেবে কাজ করেছেন। এর মাঝে ১৯৯৭ ও ১৯৯৮ সালে তিনি সিডওর চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।