জাতিসংঘের ২ কর্মকর্তাকে হত্যার অভিযোগে কঙ্গোতে ১১ জনের মৃত্যুদণ্ড
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে ১১ জন মিলিশিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।গত এপ্রিল মাসে এমবানডাকা শহরের ওই হামলায় স্থানীয় মিলিশিয়ারা জাতিসংঘ ও সরকারি সেনাদের ঘিরে রাখে এবং স্বল্প সময়ের জন্য বিমানবন্দরটি দখল করে নেয়।দুটি নৃগোষ্ঠির মধ্যে মাছধরা নিয়ে সৃষ্ট সংঘর্ষের জের ধরে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ ঘটনায় ৩৬ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়। এর মধ্যে চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি এবং ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়।আসামিদের আইনজীবী স্টিভ ওমেকঙ্গো বিবিসিকে বলেন, তিনি এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন করবেন।ওই সংঘর্ষের এক দিন পর দেশটির সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনী যৌথ অভিযান চালিয়ে এমবানডাকা বিমানবন্দরটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনে। তবে একটি মানবাধিকার সংস্থা দাবি করছে, অভিযান চলাকালে সেনাবাহিনীর হাতে বেশ কিছু বেসামরিক লোক নিহত হয়।এমবানডাকায় ২০০৯ সালে লোবালা ও বোবা সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় অন্তত ১০০ জন নিহত হয়। এ সময় দুই লাখ লোক নির্বাসিত হয়।