জাতীয় গণিত অলিম্পিয়াড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আজ শুক্রবার সকাল নয়টায় দশম বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে। এর আগে দেশের ১৭টি ভেন্যুতে হওয়া গণিত অলিম্পিয়াডের বিজয়ীরা এতে অংশ নিচ্ছে।ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সকালে জাতীয় পতাকা ও গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন হয়। এরপর প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে প্রতিযোগীদের পরীক্ষা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘১০ বছর আগে যখন গণিত অলিম্পিয়াড শুরু করি, তখন ভাবতেই পারিনি এত দ্রুত এত দূর আসব। এখন শিক্ষার্থীরা অনেক আগ্রহ নিয়ে এতে অংশ নিচ্ছে। এটা এখন শুধু প্রতিযোগিতা নয়, উত্সবে পরিণত হয়েছে।’সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার হ্যারল্ড বিজয় রড্রিকস বলেন, ‘এই উত্সবে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি অনেক কমে গেছে। এভাবে উত্সব হলে এই ভীতি আরও কমবে।’ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস কে তাবারেজ বলেন, ‘এমন একটি উত্সবের পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা গর্বিত। আমাদের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি একেবারে শুরু থেকেই এই উত্সবের সঙ্গে আমরা সম্পৃক্ত।’ উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবাল, গণিতবিদ খোদাদাদ খান, বিজ্ঞানী রেজাউর রহমান, মনোবিজ্ঞানী মোহিত কামাল, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও সম্পাদক মতিউর রহমানসহ দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।উত্সবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলাও থাকছে।