জাতীয় গ্রিডে যোগ হলো আরও দেড় কোটি ঘনফুট গ্যাস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের (ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র) ২ নম্বর কূপ থেকে উত্পাদিত দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) কূপটি খনন করেছে।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপক হাসানুজ্জামান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজ শনিবার প্রথম আলো ডটকমকে বলেন, ‘বর্তমানে গ্যাসক্ষেত্রের ২, ৩ ও ৪ নম্বর কূপ থেকে প্রায় পাঁচ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।’বাপেক্স সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কৃত হয়। ওই বছরই ক্ষেত্রটির ১ নম্বর কূপ খনন করা হয়। কিন্তু সেখান থেকে কোনো গ্যাস পাওয়া যায়নি। ১৯৮৮ সালে পেট্রোবাংলা চার হাজার ৯৭৭ মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করে তিনটি স্তরে গ্যাসের সন্ধান পায়। পরে বাপেক্সকে ওই গ্যাসক্ষেত্রের মালিকানা দেওয়া হয়। ২০০৪ সালের মে মাসে ২ নম্বর এবং ২০০৫ সালের জানুয়ারি মাসে ৩ নম্বর কূপ খনন করে বাপেক্স গ্যাস উত্পাদন শুরু করে। ২০১১ সালের মার্চ মাসে নতুন খননযন্ত্র (রিগ) দিয়ে ৪ নম্বর কূপ খনন করা হয়।