জাতীয় জাদুঘরে দুর্লভ বইয়ের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণ দাস কবিরাজের ‘চৈতন্যচরিতামৃত’, রাজা মহেন্দ্রলালের ‘গোবিন্দগীতিকা’ বা রসিকমোহনের ‘ফলিত জ্যোতিষ’ কিংবা কৃষ্ণ দ্বৈপায়নের ‘কূর্ম্ম পুরাণম’ ও ‘অগ্নি পুরাণম’ বইগুলো প্রকাশিত হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। এসব দুর্লভ ও বিলুপ্তপ্রায় বইগুলোর দেখা মিলবে শাহবাগের জাতীয় জাদুঘরে। বিশেষ সংরক্ষণ ব্যবস্থায় এ ধরনের মোট ৬০৫টি বই ১০ মার্চ পর্যন্ত দেখতে পারবেন আগ্রহী দর্শকেরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনের আগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘জ্ঞান বিজ্ঞান ও সভ্যতা সংস্কৃতির আকর এসব দুর্লভ বই ও সাময়িকীর প্রদর্শনী গবেষক, পাঠক ও দর্শকদের মনের খোরাক জোগাবে। বাংলাদেশের অনেকেই হয়তো জানেন না, এত পুরোনো ও গুরুত্বপূর্ণ বই দেশের জাদুঘরে রয়েছে।’জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস জানান, প্রদর্শনীতে কমপক্ষে ৫০ বছরের পুরোনো ও দুর্লভ বই থেকে শুরু করে ৩০০ বছরের বেশি পুরোনো বইও অন্তর্ভুক্ত করা রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম।প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর লাইব্রেরির ৪৩৪টি, আহসান মঞ্জিল জাদুঘরের ৫০টি, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ৫০টি, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ৫১টি এবং এশিয়াটিক সোসাইটির ২০টি বই প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে জাতীয় জাদুঘরের নিদর্শন হিসেবে সংরক্ষিত হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধান এবং ভারতের সংবিধানও স্থান পেয়েছে। প্রদর্শিত বই ও সাময়িকীগুলোর পরিচিতি জানার জন্য একটি ক্যাটালগও প্রকাশ করা হয়েছে। এসব বই ও ক্যাটালগের ডিজিটাল রূপান্তর হিসেবে জাতীয় জাদুঘরের ওয়েবসাইটেও পাওয়া যাবে বলে জানান আয়োজকরা। বাংলাদেশ জাতীয় জাদুঘরের এ প্রদর্শনীতে সাহায্য করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।