দশম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। আজ মঙ্গলবার কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে আজ বিকেলে কমিশনের সম্মেলনকক্ষে রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কমিশনের বৈঠক হয়। বৈঠক শেষে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, একজন রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চান। জবাবে সিইসি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। র্যাব, পুলিশ ও বিজিবিসহ অন্যান্য বাহিনী থাকবে, আইনশৃঙ্খলা রক্ষা করবে। বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, জাপানের শিরো সাদোশিমা, ডেনমার্কের সেন্ড ওলিংসহ নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সিইসির সভাপতিত্বে এই বৈঠকে চার কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।মোহাম্মদ সাদিক জানান, বৈঠকে বিদেশি কুটনীতিকরা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে কমিশনের সামনে কী কী চ্যালেঞ্জ আছে। আর উন্নয়ন সহযোগীরা কী ধরনের সহযোগিতা করতে পারে। ৩০০ সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণের জন্য সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় বিদ্যুত্ সরবরাহ করা কতটুকু সম্ভব হবে। সিইসি বলেছেন, সিসিটিভির ব্যবহার পরীক্ষামূলক পর্যায়ে রাখা হয়েছে। বড় পরিসরের নির্বাচনে সিসিটিভি ব্যবহারের পরিকল্পনা উচ্চাভিলাষী চিন্তাভাবনা। বৈঠকে ৪০ হাজারের বেশি স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য মালামাল বিদেশ থেকে সংগ্রহের ব্যাপারে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সুষ্ঠু রেখে এক দিনে নয় কোটির মতো ভোটারের ভোট গ্রহণ কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে সিইসি জানিয়েছেন। বৈঠককে পরিচিতি সভা বলে উল্লেখ করেন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের আগে কী কী লাগবে, তাঁদের কাছ থেকে কী ধরনের সহযোগিতা দরকার, আমরা কী কী করছি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ কিছু মালামাল আমদানি করতে হয়। তাঁরা এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে সিইসি জানান। তিনি বলেন, ‘এটা আমাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলব কেন?’ নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সঠিক পথেই এগোচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করে যাচ্ছে। উন্নয়ন সহযোগীরা তাদের কারিগরি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে। বৈঠকে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে গিবসন জানান।