জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে প্রবাসীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনার ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নিউইয়র্কে প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছেন। গতকাল শনিবার নিউইয়র্ক সময় দুপুর থেকে নগরের জ্যামাইকায় প্রবাসীরা সমবেত হতে থাকেন। ব্যানার-ফেস্টুন নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী নারী-পুরুষ এই প্রতিবাদী সমাবেশে যোগ দেন। সমাবেশে প্রবাসীরা বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের স্পর্ধা আর কিছুতেই মেনে নেওয়া যায় না। দেশে জেগে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে প্রবাসীরা একাত্তরের মতো পাশে থাকার অঙ্গীকার করেন।সমাবেশ ও মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান, সৈয়দ বসারত আলী, নুরুন্নবী, আবদুল মুকিত চৌধুরী, ফাহিম রেজানুর, শাহীন আজমল, তৈয়বুর রহমান, মিসবাহ আহমেদ, মোস্তফা ফিরোজ, নুরুল আলম, সিরাজ উদ্দিন, সোহাগ উদ্দিন, গোপাল সান্যাল প্রমুখ।‘জামায়াত-শিবির নিপাত যাক’, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’—এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন প্রবাসীরা। বৈরী শীতের আবহাওয়া উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত জ্যামাইকার রাজপথে প্রবাসীরা অবস্থান করেন। নিউইয়র্ক সময় রোববার জাতিসংঘ সদর দপ্তরের সামনে আরেক দফা সমাবেশ করার কথা জানিয়েছেন তাঁরা।