জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩০ জনের চাকরিচ্যুতির নোটিশের কার্যকারিতা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩০ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরিচ্যুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন। একই সঙ্গে নোটিশটি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।আজ সোমবার বিচারপতি আবদুল আওয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চাকরি রক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন, সদস্যসচিব মিয়া হোসেন রানাসহ ছয়জনের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।প্রসঙ্গত, এ বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৩০ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির বিষয়ে নোটিশ দেন। ২০০৪ সালে এঁরা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৩ জন সেকশন অফিসার ও সমান পদমর্যাদার ব্যক্তিদের জাতীয় বেতন কাঠামো অনুসারে সিলেকশন গ্রেড-৭ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে শিক্ষাসচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর রুল জারি করেছেন। দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।