জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন এবার ময়মনসিংহে
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩১তম বার্ষিক অধিবেশন আয়োজন করা হয়েছে ময়মনসিংহে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। তিন দিনের এই অধিবেশন শুরু হবে ৮ মার্চ। উদ্বোধন করবেন প্রবীণ রবীন্দ্রসংগীত শিল্পী কাজী শাহজাহান হাফীজ। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহে এসেছিলেন ১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি। বিদ্যাময়ী স্কুলে তিনি গিয়েছিলেন। আনন্দমোহন কলেজ ও তৎকালীন ময়মনসিংহ পৌরসভা রবীন্দ্রনাথকে মানপত্র দিয়েছিল। তিনিও একটি বক্তৃতা দিয়েছিলেন। এসবই এবার আমরা স্মরণ করব। ওই সময়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। ময়মনসিংহে বিভিন্ন সময় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গুণী ওস্তাদ ও শিল্পী এসেছিলেন, প্রদর্শনীতে থাকবে তাঁদের এবং তাঁদের সেসব পরিবেশনার ছবিও। আরও থাকবে মৈমনসিংহ গীতিকার প্রথম সংস্করণের কপি।’তিনি জানান, এবার তিন দিনের মিলনমেলায় ঢাকার দুই শতাধিক শিল্পী অংশ নেবেন। আরও অংশ নেবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৭৬টি শাখা থেকে আসা তিন শতাধিক শিল্পী ও সংগঠনকর্মী। অনুষ্ঠানমালায় থাকবে সেমিনার, গান, আবৃত্তি ও নাচ। এবারের সেমিনারের বিষয় ‘রবীন্দ্রনাথের ভাবনায় ও কর্মে শিশুশিক্ষা’। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক অসিতবরণ ঘোষ। এবার ‘রবীন্দ্র পদক’ দেওয়া হবে অধ্যাপক যতীন সরকার ও প্রবীণ শিল্পী শামসুজ্জামানকে।