জাতীয় সংগীতের রিং টোন ও বাণিজ্যিক ব্যবহার অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংগীতকে মোবাইল ফোনে রিং টোন হিসেবে এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহার করাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।পাশাপাশি আদালত গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ৫০ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দিয়েছেন।এ অর্থ অনুদান হিসেবে হার্ট ফাউন্ডেশন, কিডনি রিসার্চ সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানকে দিতে বলা হয়েছে। ২০০৬ সালে আইনজীবী কালিপদ মৃধা মোবাইলের রিং টোন এবং ওয়েলকাম টোন হিসেবে জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই সময় রুল জারি করেন।আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মাসুদ আহমেদ সায়ীদ ও সরকারে পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশিদ আলম মামলা পরিচালনা করেন।খোরশিদ আলম প্রথম আলোকে বলেন, আদালত তিনটি ফোন কোম্পানিকে ৫০ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনুদান হিসেবে দাতব্য তহবিলে দিতে বলা হয়েছে। মাসুদ আহমেদ সায়ীদ প্রথম আলোকে জানান, জাতীয় সংগীত আইন আছে। এতে কখন, কোথায়, কীভাবে জাতীয় সংগীত পরিবেশন করা যাবে, তা বলা আছে। কিন্তু সেলফোন কোম্পনিগুলো জাতীয় সংগীতকে বাণিজ্যিকভাবে রিং টোন ও ওয়েলকাম টোন হিসেবে ব্যবহার করায় এই রিটটি দায়ের করা হয়েছিল। জাতীয় সংগীতের বাণিজ্যিক ব্যবহার অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।