জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২১ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাংবিধানিক অধিকার বলে ২১ এপ্রিল বিকেলে সাড়ে পাঁচটায় নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ডেকেছেন। আজ বুধবার বিকেলে সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। এর আগে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছিল, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদের ১৭তম অধিবেশন আহ্বান করা হতে পারে। এ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।গত ২০ মার্চ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে।সাংসদদের তালিকা ইসিতেএদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংসদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। আজ বুধবার এ তালিকা পাঠানো হয়। কমিশন সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল হক স্বাক্ষরিত এ চিঠিতে মোট ৩৪৯ জন সাংসদের নাম, বিভক্তি সংখ্যা (আসন নম্বর) এবং সংসদীয় এলাকা উল্লেখ করা হয়েছে। সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ আব্দুল জলিলের মৃত্যুর কারণে তাঁর নাম তালিকায় উল্লেখ করা হয়নি। ১ এপ্রিল এ তালিকা চেয়ে কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী এখন নির্বাচন কমিশন সাংসদের নাম ও বিভক্তি সংখ্যা উল্লেখ করে ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।