জাতীয় স্মৃতিসৌধে এ সংলাপ হতে পারে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে তা সব দলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য দুই নেত্রীকে অবশ্যই সংলাপে বসতে হবে। আজ সোমবার কামাল হোসেন তাঁর বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন।সংলাপ কোথায় হতে পারে, সাংবাদিকেরা জানতে চাইলে কামাল হোসেন বলেন, জাতীয় স্মৃতিসৌধে এ সংলাপ হতে পারে। লাখো শহীদের রক্তে গড়া এ বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধেই সংলাপের মাধ্যমে সংকট থেকে বের হওয়ার একটি গ্রহণযোগ্য পথ বেরিয়ে আসবে।তবে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল আশা প্রকাশ করেন, বর্তমানের এই সংকট থাকবে না। তিনি বলেন, এটা কেটে যাবে। এই সংকট থেকে উত্তরণের জন্য খুব শিগগির তিনি সারা দেশ সফর শুরু করবেন। জাতীয় ঐকমত্য গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানাবেন তিনি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন কামাল হোসেন।সভায় উপস্থিত নাগরিক ঐক্যের সংগঠক ও সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাতিসংঘের যে প্রতিনিধিদল এসেছিল, তাদের কাছেও নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছি। কেননা, এই পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। ৩০ বছরের অভিজ্ঞাতা আমাদের বলে, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম সরকারি নিয়ন্ত্রণে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’