জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম আর নেই
জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ধানমন্ডির নিজস্ব বাসভবনে অসুস্থ হয়ে পড়লে নুরুল ইসলামকে সন্ধ্যা সাতটায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ল্যাবএইডের চিকিৎসক এজহারুল হক প্রথম আলোকে বলেন, নুরুল ইসলাম দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যাসহ অন্যান্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বিকেলে হার্ট অ্যাটাক হলে তাঁকে হাসপাতালে আনা হয়। ওই সূত্র জানায়, আজ শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম জানাজা এবং বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মরদেহ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদপুর গ্রামে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। গতকাল রাতে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের জন্ম ১৯২৮ সালের ১ এপ্রিল চট্টগ্রামে। চিকিৎসাশাস্ত্র ও সমাজকল্যাণে অবদান রাখার জন্য তিনি ২০০৬ সালে মেরি কুরি পদক, ১৯৬৩ সালে রাষ্ট্রপতি পদক, ২০০৫ সালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান লেখক পুরস্কার, ২০০৩ সালে কলকাতা থেকে ‘চিকিৎসা রত্ন’সহ বহু পুরস্কারে ভূষিত হন। তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা উপাচার্যও ছিলেন। তিনি প্রথম বাংলাদেশে ধূমপানবিরোধী আন্দোলন শুরু করেন এবং ‘আধূনিক’ নামের একটি সামাজিক সংগঠনের জন্ম দেন।নুরুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন।