জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খুন
রাজধানীতে খলিলুর রহমান (৫০) নামের একজন দৃষ্টিপ্রতিবন্ধী খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে সন্ত্রাসীরা মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসায় ঢুকে তাঁকে গুলি করে হত্যা করে। তিনি জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব ছিলেন।পুলিশ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৃষ্টিপ্রতিবন্ধী দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে খলিলুর রহমান জাতীয় অন্ধ সংস্থার সদস্য ইয়াকুব আলীর মিরপুর ১ নম্বর শাহআলী বাগের ৩৩, জনতা হাউজিংয়ের ভাড়া বাসায় তাঁর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। রাত সাড়ে আটটার দিকে বহিরাগত অস্ত্রধারী দুই সন্ত্রাসী বৈঠক কক্ষে ঢুকে খলিলুর রহমানকে খুঁজতে থাকেন। খলিল তাঁর নিজের পরিচয় দেওয়ামাত্রই অস্ত্রধারীরা তাঁর মাথায় ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অন্ধ সংস্থার নেতা-কর্মীরা হাসপাতালে এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।অন্ধ সংস্থার সহসভাপতি হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, গত ২৬ আগস্ট নির্বাচনে খলিলুর রহমান জাতীয় অন্ধ সংস্থার তিন বছর মেয়াদি মহাসচিব নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষ প্যানেলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব আলীসহ অন্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নির্বাচনের ফল মেনে না নিয়ে তাঁরা ভোট পুনর্গণনার জন্য আবেদন করেন। ৬ জানুয়ারি ভোট পুনর্গণনার তারিখ ধার্য করা হয়। তিনি দাবি করেন, পুনর্গণনা করে কোনো লাভ হবে না ভেবে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটান।সহসভাপতি বলেন, তিনি ও খলিলুর একই প্যানেলের। তাঁদের কাউকে না জানিয়ে মহাসচবি জনতা হাউজিংয়ে ইয়াকুবের বাসায় বৈঠক ডাকেন। এই বৈঠকে মিনহাজ, আইয়ুবের সঙ্গে ইয়াকুবের বিরোধের অবসান ঘটাতে মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন মহাসচিব।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহসচিব খলিলের সঙ্গে তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ মিনহাজকে সহসভাপতি করার প্রস্তাব দিতে খলিলুর রহমান বৈঠক ডেকেছিলেন।ওসি জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে খলিলের প্রতিপক্ষ দৃষ্টিপ্রতিবন্ধী মিনহাজ ও সোহাগকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। নিহত খলিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে।পুলিশ সূত্র জানায়, বকশীবাজারের কার্যালয়ে কয়েক মাস আগে খলিল পুরান ঢাকার নির্বাচনী এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মারধর করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়।নিহত খলিলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিতরীতে। সপরিবারে তিনি মিরপুর ২ নম্বর সেকশনের ডি ব্লকের ২০৪ নম্বর বাসার ১ নম্বর প্লটে থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। তাঁর স্ত্রী এলিনা পারভীনও দৃষ্টিপ্রতিবন্ধী।