জাতীয় ঈদগাহের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ-র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের নিরাপত্তা দিতে নানা আয়োজন থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। ওই সময় ঈদগাহমুখী বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।কাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ওই সময় বৃষ্টি হলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত হবে। এরই মধ্যে ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা সিটি করপোরেশন। নিরাপত্তার আয়োজন নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও।ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রী, বিদেশি কূটনৈতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। ওই এলাকায় আসা যানবাহনগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে পুলিশ।গাড়ি পার্কিং: ঈদের দিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশে কিছু স্থান গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকবে। এগুলো হলো: জাতীয় ঈদগাহ ময়দানের ভিভিআইপি ফটকের উত্তর পাশ রাষ্ট্রপতির গাড়িবহরের পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকবে। সুপ্রিম কোর্টের ভেতর দক্ষিণ-পশ্চিম কোনায় বিচারপতিরা গাড়ি রাখবেন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর-পশ্চিম দিকে মন্ত্রী পরিষদের সদস্যসহ রাষ্ট্রীয় অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা গাড়ি রাখবেন। পূর্ত ভবনের আঙিনায় সরকারি কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকেরা গাড়ি রাখবেন। সর্বসাধারণের পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকবে জিরো পয়েন্ট ও ইউবিএল ক্রসিংয়ের (মুক্তাঙ্গন) উভয় পাশ, দোয়েল চত্বরের দক্ষিণ-পশ্চিম-উত্তর পাশ, ফজলুল হক হল থেকে বঙ্গবাজার হকার্স মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশ এবং মত্স্য ভবন ক্রসিংয়ের পূর্ব দিকে কার্পেট গলি রোড ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশ।প্রবেশ-বাহির: জাতীয় ঈদগাহ ময়দানের নিকটবর্তী নির্ধারিত পার্কিংয়ে শুধু গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়িগুলো মৎস্য ভবন হয়ে ঢুকবে। অন্যান্য গাড়ি এবং বাণিজ্যিক যানবাহনগুলো পুলিশ ব্যারিকেডের বাইরের এলাকায় চলাচল ও পার্কিং করবে। পুলিশ ব্যারিকেড থাকবে সরকারি কর্মচারী হাসপাতাল মোড়-প্রেসক্লাব লিংক রোড-পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি-সাব কন্ট্রোল রুম গ্যাপ-ইউবিএল ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং এবং মত্স্য ভবন ক্রসিংয়ে।নিরাপত্তা: ঈদগাহে প্রস্তুত থাকবে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড। সেখানে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। র‌্যাবের নিয়মিত পোশাকধারী সদস্যদের পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও। এ ছাড়া ঈদগাহের প্রধান ফটকে থাকবে অত্যাধুনিক তল্লাশি যন্ত্র (ডিটেক্টর)। আর্চওয়ের ভেতর দিয়ে ঈদগাহে ঢুকবেন মুসল্লিরা। মাঠের চারদিকে বসানো হয়েছে ৫০টি ক্লোজড সার্কিট ক্যামেরা।