জাতীয় উদ্ভিদ উদ্যান রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) একজন নিয়মিত দর্শনার্থী বলা যায়। যানজট, ধুলা-বালু আর বদ্ধ পরিবেশে জীবনযাপনের অবসাদ ঘোচাতে প্রতি শুক্রবার আমি বোটানিক্যাল গার্ডেনে যাই। এ ছাড়া গাছপালা দেখতে, নীরব, ছায়া সুশীতল পরিবেশে, দূষণমুক্ত আবহাওয়ায় ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। তাই শুক্রবার সারাটা দিন আমি বোটানিক্যাল গার্ডেনে কাটাই। এখানে যেসব সমস্যা আমার চোখে ধরা পড়েছে: ১. টিকিট কেটে ভেতরে প্রবেশ করার পর আবারও টিকিট চেকিং হলো। আমি বললাম, ‘গেট দিয়ে প্রবেশ করার সময় তো টিকিট দেখানো হয়েছে। বারবার কেন টিকিট চেকিং করছেন?’ বাগানের ভেতরের কর্মী বললেন, ‘বাগানের এক পাশের দেয়াল ভাঙা, এ জন্য যত্রতত্র মানুষ ঢুকে পড়ে। আর তাই কিছু দূর পর পর একেকজন টিকিট চেক করছে।’ ‘তাহলে দেয়াল মেরামত করলেই তো হয়?’ ২. বাগানের ভেতরে পর্যাপ্ত টয়লেট নেই। হাঁটতে হাঁটতে অনেক দূরে, বনের গভীরে দু-একটি টয়লেট চোখে পড়লেও সেগুলো হয় তালাবদ্ধ থাকে, নয়তো পানির ব্যবস্থা নেই। ৩. উদ্যানের গাছগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় না। বাগানে পর্যাপ্ত জায়গা রয়েছে অথচ নতুন কোনো গাছ লাগানো হচ্ছে না। লক্ষ করলাম, বড় গাছগুলোর (রেইনন্ট্রি কড়ই) মোটা মোটা অনেক ডালপালা কাটা। আমার মনে হয়, এগুলো জ্বালানির কাজে ব্যবহারের জন্য কেটে নিয়ে যাচ্ছে। ৪. বাগানের ভেতরে একটা নেমপ্লেটে লেখা পদ্মপুকুর। অথচ পুকুরে বিন্দুমাত্র পানি নেই। শুকনো মরুভূমিতে গাছগুলো শুকিয়ে গেছে। ৫. পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই। ৬. অপ্রিয় হলেও সত্যি, বাগানের গহিনে, ঢালু এলাকায় অসামাজিক কার্যকলাপ দেখা যায়। ফলে পরিবার-পরিজন নিয়ে চলাফেরা করার সময় সত্যিকার অর্থে নিজেরাই লজ্জা বোধ করি। এর প্রতিকার সবার আগে কাম্য।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, উপরিউল্লিখিত সমস্যাগুলো দূর করে আমাদের জাতীয় উদ্ভিদ উদ্যানকে রক্ষা করুন। আমরা যেন দূষণমুক্ত পরিবেশে প্রাণ ভরে সজীব নিঃশ্বাস নিতে পারি।ইসরাত জাহানমিরপুর -১, ঢাকা।[email protected]