জাতীয় উদ্ভিদ উদ্যানে নিরাপত্তার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশেই রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন)। ঈদে বিনোদনের খোঁজে অনেকেই ভিড় করছেন এখানে। টিকিট কাউন্টারের ওপরে ঝোলানো ব্যানারে লেখা হয়েছে, ‘এর ভেতরে কোনো হকার ও অস্থায়ী দোকান নেই।’ বিষয়টি জেনে অনেকেই নির্ভয়ে ঢুকে পড়ছেন উদ্যানে। কিন্তু ভেতরে ঢুকেই সব গোলমেলে হয়ে যায়। কারণ, ফটক গলে খানিকটা এগিয়ে গেলেই হকারদের হাঁকডাক শোনা যায়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পরও কীভাবে হকার বসে, জানতে চাইলে সিরাজ উদ্দিন নামের এক হকার বলেন, ‘এই দ্যাশে চাইলে সব করন যায়। গেট দিয়া ঢুকতে গেলে দাবড়ানি খাই। হ্যার লাইগ্যা গার্ডগোরে পয়সা দিই। ভাইরে, পয়সায় সব অয়।’উদ্ভিদ উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরা ভোগান্তির মধ্যে পড়ছেন দুটি ফটকে টিকিট চেক করার কারণে। এখানে মূল ফটক দিয়ে ঢুকে একটু এগোতেই আরও একটি ফটক। ফটক আগলে বসে আছেন জনা কয়েক গার্ড। দর্শনার্থীদের টিকিট চেক করা তাঁদের দায়িত্ব। কিন্তু মূল ফটক গলে যাঁরা ভেতরে এসেছেন, তারা কি টিকিট সংগ্রহে রেখেছেন? যাঁরা রেখেছেন, তাঁরা ভেতরে আসতে পারবেন। আর যাঁরা মূল ফটক গলে আসার পরই টিকিট ফেলে দিয়েছেন, তাঁদের আবার ফেরত যেতে হয় মূল ফটকের রাস্তায়। কেউ কেউ কুড়িয়ে আনতে পারেন ফেলে দেওয়া টিকিট। যাঁরা তা পারেন না, তাঁদের আবার টিকিট কিনে ভেতরে ঢুকতে হয়। লালবাগের তুলি আর শিহাব ঘুরতে এসে এভাবেই বিড়ম্বনায় পড়েন। শিহাব বলেন, ‘কর্তৃপক্ষ সব দর্শনার্থীকেই অবিশ্বাস করছে। ওরা ভাবছে, আমরা বুঝি টিকিট ছাড়াই ভেতরে ঢুকেছি। টিকিট দুবার চেক করে এটাই বোঝানো হয়েছে।’যাঁরা দ্বিতীয় ফটক পার হয়ে ভেতর পর্যন্ত এসেছেন, তাঁদের অনেকেই নিরাপত্তাহীনতার কথা বলেছেন। ভেতরে ঢোকার পর নীরব এলাকা বলে অনেকে বের হয়ে গেছেন দ্রুতই। কাকরাইলের বাসিন্দা শাহজাহান জানান, উদ্ভিদ উদ্যানে এসে তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেশ ভড়কে গিয়েছিলেন তিনি। পরে কাছাকাছি ঘুরে চলে আসতে হয়েছে। কারণ, ভেতরের দিকে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই। নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য।আবার ঝোপ আর ঘন গাছপালার আড়ালে চলে অসামাজিক কার্যকলাপ। ফলে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।পরিপাটি করে সাজানো উদ্ভিদ উদ্যানের ভেতরে রয়েছে কৃত্রিম হ্রদ। রয়েছে ফলদ, বনজ আর ঔষধি গাছ। কিন্তু গার্ড না থাকায় অনেক দর্শনার্থীই ফুল, লতাপাতা ছিঁড়ছেন। আবার হ্রদের পানিতে গা এলিয়ে সাঁতার কেটেছেন কেউ কেউ। শাকিল, নয়ন আর পিয়াল এসেছেন রামপুরা থেকে। হ্রদের পানিতে সাঁতার কাটার আইডিয়া ছিল পিয়ালের। তাই সঙ্গে করে এনেছেন লুঙ্গি। সেটা পরে নেমে পড়েছেন পানিতে। ঘণ্টা দুয়েক সাঁতার কেটে ক্লান্ত তিন বন্ধু বসে ছিলেন হ্রদের পাড়ে। পিয়াল জানান, বাঁশি ফুঁকে তুলে দেওয়ার হুমকির কারণে দুই ঘণ্টা সাঁতার কাটতে তাঁরা নিরাপত্তারক্ষীদের ১০০ টাকা দিয়েছেন।উদ্যানের ঘাসের ওপর কাপড় পেতে দুপুরের খাবার সারছিল মীর হাজারীবাগ থেকে আসা একটি পরিবার। পরিবারের কর্তা ওয়াহেদ আলী বলেন, ‘উদ্ভিদ উদ্যানের ভেতর দু-একটা বিশ্রামাগার দরকার। পরিবার নিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছি। এ ছাড়া এভাবে বসে খেতেও লজ্জা করছে। খাওয়ার পানির ব্যবস্থা নেই। শৌচাগারের অবস্থাও খারাপ। উদ্যানের ভেতর বেওয়ারিশ কুকুরেরও উৎপাত রয়েছে।’উদ্ভিদ উদ্যান নিয়ে দর্শনার্থীদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, পুরো উদ্ভিদ উদ্যানেই জনবল-সংকট আছে। ঈদের সময়ে ভিড় বেশি হয় বলে অল্প সময়ের জন্য চুক্তিভিত্তিতে কিছু জনবল নিয়োগ করা যেতে পারে।