জাতীয় উৎসবের উত্তরপত্র মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ভরযোগ্য কাউকে পরীক্ষা-নিয়ন্ত্রক হিসেবে আঞ্চলিক গণিত উৎসবে পাঠানো প্রসঙ্গে আমাদের কো-অর্ডিনেটর নবী ভাই একবার বলেছিলেন, ‘অলিম্পিয়াডটাই আসল। এটাতে ঝামেলা হলে সব শেষ।’ আসলেই তাই। গণিত উৎসবে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, অনেক তারকা অংশ নেন। কিন্তু উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলো অলিম্পিয়াড। ৭৫ মিনিটের এ পরীক্ষাকে কেন্দ্রে রেখেই গণিত উৎসবের সব আয়োজন। আর জাতীয় উৎসবে এই মূল কেন্দ্রবিন্দুটার দৈর্ঘ্য চার ঘণ্টা (প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরির জন্য দুই ঘণ্টা ও তিন ঘণ্টা)। চলুন তাহলে, কিছুক্ষণের জন্য ঘুরে আসি অলিম্পিয়াড তথা গণিত পরীক্ষার পরীক্ষা-নিয়ন্ত্রকের সদর দপ্তর থেকে।পরীক্ষা-নিয়ন্ত্রকের সদর দপ্তরে ঢুকলে প্রথমেই যেটা দেখা যায় সেটা হলো, পরীক্ষা-নিয়ন্ত্রকের কোনো চেয়ার-টেবিল নেই। প্রতিটি আঞ্চলিক ভেন্যুতে হাজারখানেক খাতা দেখা ও নিরীক্ষা করার কাজটা পরীক্ষা-নিয়ন্ত্রককে দাঁড়িয়েই সম্পন্ন করতে হয়। আর এই মহাযজ্ঞে পরীক্ষা-নিয়ন্ত্রকের সঙ্গে থাকেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং ভেন্যুর শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বন্ধুসভার সদস্য এবং মুভার্স (ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স)। গণিত অলিম্পিয়াডের শুরুর দিকে (২০০৩ ও ২০০৪ সালে) খাতা দেখার প্রক্রিয়াটা একটু ভিন্ন ছিল। সে সময় একটি একটি করে ক্যাটাগরির খাতা দেখা হতো। অর্থাৎ প্রথমে প্রাইমারি, তারপর জুনিয়র, তারপর সেকেন্ডারি, সবশেষে হায়ার সেকেন্ডারি। ফলে একজন খাতা মূল্যায়নকারীকে চার ক্যাটাগরির খাতাই দেখতে হতো। এখন প্রক্রিয়াটা একটু বদলেছে। চার ক্যাটাগরির খাতাই এখন একসঙ্গে দেখা হয়। ছোট ছোট চারটি দলে বিভক্ত হয়ে খাতা মূল্যায়নকারীরা খাতা দেখার কাজ সম্পন্ন করে থাকেন। খাতা দেখার সময় বিভিন্ন রকম সমস্যা হয়। প্রথম সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা হলো, খাতায় নাম ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লেখা। আমরা চেষ্টা করি ভুল নাম বা রেজিস্ট্রেশন নম্বর থেকে সঠিক মানুষকে উদ্ধার করার। না করতে পারলে বিপদ আছে। কারণ সর্বোচ্চ নম্বর পেয়েও নাম ও রেজিস্ট্রেশন নম্বর না লেখার কারণে পুরস্কার না পাওয়ার রেকর্ড গণিত অলিম্পিয়াডে রয়েছে।কেউ খেয়াল করেছেন কি না জানি না, গণিত অলিম্পিয়াডে কিন্তু বেশ দ্রুতই খাতা দেখে ফলাফল তৈরি করা হয়। আঞ্চলিক উৎসবে মাত্র এক-দেড় ঘণ্টার মধ্যে সব খাতা দেখা শেষ হয়ে যায়। গণিত অলিম্পিয়াডের খাতা দেখা আসলে খুব কঠিন নয়। শুধু ডান দিকের বাক্সে লেখা উত্তরগুলো ঠিক আছে কি না দেখতে হয়। এই সামান্য কাজটিতেও ভুল হতে পারে। তাই সব খাতা দেখার পর আমাদের একটা দক্ষ নিরীক্ষক দল থাকে। নিরীক্ষক দল খাতাগুলো ভালোভাবে নিরীক্ষণ করে; কোনো ভুল হলো কি না, মোট নম্বর ঠিক আছে কি না ইত্যাদি যাচাই করে। নিরীক্ষক দল আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে—খাতায় উত্তর বা সমাধান অন্য কারও কাছ থেকে কপি বা নকল করা হয়েছে কি না, তা যাচাই করা। আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে নকল করার প্রবণতা এখনো পুরোপুরি যায়নি। এ বছরও আমরা কিছু আঞ্চলিক ভেন্যুতে উত্তর নকল, এমনকি রাফ কাগজে সমাধানের নকলও দেখেছি! মনে রাখতে হবে, কেউ যদি নকল করে, তাহলে কিন্তু তার খাতা বাতিল হয়ে যায়। নকলের এ ঝামেলা সামাল দেওয়ার জন্যই এখন অলিম্পিয়াডে প্রতিটি রুমে একাধিক ক্যাটাগরির পরীক্ষার্থী একসঙ্গে পরীক্ষা দেয়। এ ছাড়াও রেজিস্ট্রেশনের সময় একই শিক্ষাপ্রতিষ্ঠানের দুজনকে পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর না দিয়ে কিছুটা দূরত্ব বজায় রাখা হয়। উল্লেখ্য, জাতীয় উৎসবের মতো আঞ্চলিক উৎসবে আংশিক নম্বর দেওয়া হয় না। পরীক্ষার খাতা পরীক্ষণ ও নিরীক্ষণের পর আসে পুরস্কার বিতরণ। প্রতিটি আঞ্চলিক ভেন্যুতে ৬০টি করে মেডেল (২০ জন চ্যাম্পিয়ন, ২০ জন প্রথম রানারআপ ও ২০ জন দ্বিতীয় রানারআপ) এবং ঢাকায় ১২০টি মেডেল পুরস্কার দেওয়া হয়। প্রতিটি ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার বরাদ্দ থাকলেও মাঝেমধ্যেই কম-বেশি হয়। এটি নির্ভর করে সংশ্লিষ্ট ক্যাটাগরির সামগ্রিক ফলাফল এবং উপস্থিতির ওপর। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নম্বর সমান হলে আমরা কী করি? দুই বা ততোধিকজনের নম্বর সমান হওয়া অলিম্পিয়াডের নিত্যনৈমিত্তিক ঘটনা। নম্বর সমান হলে সমাধান-প্রক্রিয়ার ওপর দৃষ্টি দেওয়া হয়। ভিন্ন ধরনের সমাধান অবশ্যই প্রাধান্য পায়। পাশাপাশি আমাদের কিছু নির্ধারিত সমস্যা থাকে। যারা ওই সমস্যাগুলোর সমাধান করতে পারে, তারা প্রাধান্য পায়। ফলাফল লেখার পর থাকে সার্টিফিকেট লেখার কাজ, যা স্থানীয় বন্ধুসভা ও মুভার্সের সদস্যরা বেশ যত্নসহকারেই করে থাকেন।এ ছিল আঞ্চলিক উৎসবের পরীক্ষা নিয়ন্ত্রণ-বৃত্তান্ত। এবার আসা যাক জাতীয় উৎসবে। জাতীয় উৎসবে প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা চার ঘণ্টা। এখানে যেহেতু সমস্যার সমাধান করে দেখাতে হয়, সেহেতু উত্তরপত্র পরীক্ষা ও নিরীক্ষণেও সময় অনেক বেশি লাগে। প্রতিবছর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের দক্ষ একটি দল দিনব্যাপী এ কঠিন কাজটি করে থাকে। এখানে প্রতিটি সমস্যার নম্বর থাকে ১০ এবং আংশিক নম্বর প্রযোজ্য হয়। কেউ আংশিক সমাধান করলে আংশিক নম্বর পেয়ে থাকে। একটি নির্দিষ্ট সমস্যার সবার সমাধান একজন মাত্র পরীক্ষক পরীক্ষা করেন, ফলে পরীক্ষণের সর্বজনীনতা বজায় থাকে। জাতীয় উৎসবে নানাজন নানা কায়দায় সমাধান করে, মাঝেমধ্যে প্রশ্নকর্তাদের দেওয়া চার-পাঁচটি সমাধানের বাইরেও ভিন্ন কোনো পন্থায় সমাধান পাওয়া যায়। এতে বোঝা যায়, আমাদের দেশে মেধাবীর সংখ্যা কম নয়। জাতীয় উৎসবে পরীক্ষণের কাজ শেষ করে, নিরীক্ষা করে ফলাফল তৈরিতে রাত নয়টা বেজে যায়। একাডেমিক কমিটি ফলাফল চূড়ান্ত করে। অলিম্পিয়াডের অনেক গুণকীর্তন হলো। এবার একটু মানুষের কীর্তন করি। সোহাগ ভাই, সুবিন ভাই, দীপেশ, সৌমিত্র, আবির, নায়েল, অভিক, চমক, মিলন, হেলাল, কামরুল, সৌমিক, হিমেল, শুভ, লিমন, সুদীপ্ত, ফরসাদ, ফারসীদ আরেফিনসহ সবার অবদান অনস্বীকার্য। বিশেষ ধন্যবাদ মুভার্স, বন্ধুসভার সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের। পরীক্ষা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৃতিত্ব এবংধন্যবাদ অবশ্যই সাধারণ সম্পাদক মুনির ভাইয়ের প্রাপ্য। গণিত উৎসব সবার উৎসব। সবার নিবেদিতপ্রাণ একসঙ্গে না হলে একটি উৎসব কখনোই এমন সুন্দর হয়না।সুব্রত দেব নাথএকাডেমিক কো-অর্ডিনেটর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি